নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁও যাচ্ছেন। আগামী ৩০ আগস্ট তিনি ঠাকুরগাঁওয়ে পৌঁছাবেন এবং সফর শেষে ৩১ আগস্ট ঢাকায় ফেরার কথা রয়েছে। রাষ্ট্রপতির সফরকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি, আবাসন ও যানবাহন ব্যবস্থাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বঙ্গভবনের প্রটোকল শাখা থেকে এ-সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে। এতে রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের যাতায়াতের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা, আবাসন ও যানবাহনের ব্যবস্থা করতে বলা হয়েছে।
চিঠিতে আরও জানানো হয়েছে, সফরের বিস্তারিত কর্মসূচি এবং রাষ্ট্রপতির সফরসঙ্গীদের অনুমোদিত তালিকা পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
নির্বাচনের পর ২১ আগস্ট বঙ্গভবনে শপথ নেন মির্জা ফখরুল। তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর ঠাকুরগাঁও সফরটি তাঁর প্রথম জেলা সফরগুলোর একটি হতে যাচ্ছে। সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

