ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে সংবাদ প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলা আলোচনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে নিজের অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জোর দিয়ে বলেছেন, তিনি বাংলাদেশি এবং তাঁর বাংলাদেশি পরিচয় নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।
সোমবার (২৪ আগস্ট) প্রতিমন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব বিষয়ে প্রশ্নের মুখোমুখি হন হুমায়ুন কবির।
নিজের নাগরিকত্ব প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশই তাঁর পরিচয় এবং তাঁর বাংলাদেশিত্ব নিয়ে প্রশ্ন তোলার মতো কেউ আছেন বলে তিনি মনে করেন না।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কথিত দ্বৈত নাগরিকত্ব নিয়ে আলোচনা প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বিষয়টি নিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, তিনি নাগরিকত্ব নিয়ে এসেছেন, তাই সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার চেয়ে বিষয়টির বাস্তবতাকেই গুরুত্ব দিতে চান।
সাংবাদিকরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দ্বৈত নাগরিকত্ব নিয়ে আলোচনা চলছে এবং এ নিয়ে সংবাদও প্রকাশিত হয়েছে। তখন হুমায়ুন কবির প্রশ্ন করেন, ‘কোন নিউজপেপার? কার এত জ্বালা, কাজকর্ম বাদ দিয়া?’
আলোচনার একপর্যায়ে তিনি ২০০৭-০৮ সালের রাজনৈতিক পরিস্থিতি এবং তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গও টেনে আনেন। সাবেক সেনাপ্রধান মইনউদ্দিন আহমেদ ও তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদের সময়ের কথা উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, ‘মইনউদ্দিন আহমেদ আর ফখরুদ্দীনের সেই পুরোনো বুকের জ্বালা কি আবার উঠছে?’
দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশপ্রেমিক মানুষ, দেশের পক্ষে অবস্থান নেওয়া গণমাধ্যম, সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

