বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমার অংশে স্থলমাইন বিস্ফোরণে মো. সাইফুল (২৫) নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, সকালে মিয়ানমারের অভ্যন্তরে বাঁশ কাটতে যান সাইফুল। এ সময় হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। বিস্ফোরণে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধীন টার্গুপাড়া বিওপির আন্তর্জাতিক সীমান্ত পিলার নম্বর ৫২-এর বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিজিবির তথ্য অনুযায়ী, ঘটনাস্থলটি আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা ডুইল্যাঝিরি ক্যাম্পের কাছাকাছি এলাকায় অবস্থিত।
নিহত মো. সাইফুল নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি এলাকার বাসিন্দা।

