দেশের বিভিন্ন এলাকায় আবারও বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে।
আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। ঝোড়ো হাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, আগের দিন সন্ধ্যায় দেওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাসেও দেশের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছিল। এতে বলা হয়, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন নাও আসতে পারে। তবে বৃষ্টির প্রভাবে রাতের তাপমাত্রা সামান্য কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

