পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। র্যাব, ডিএমপি, পিবিআই, সিআইডি, এসবি, এপিবিএনসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পরিবর্তন করা হয়েছে ১৭ কর্মকর্তার।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব বদলি ও নতুন দায়িত্বের কথা জানানো হয়।
একটি প্রজ্ঞাপনে পিবিআইয়ের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক পদে বদলি করা হয়েছে। পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীরকে পাঠানো হয়েছে পুলিশ সদর দপ্তরে।
রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমেদ মিয়াকে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার করা হয়েছে। এপিবিএনের পুলিশ সুপার নাজমুল আলমকে ডিএমপিতে বদলি করা হয়েছে। অন্যদিকে এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রে সংযুক্ত করা হয়েছে।
আরেক প্রজ্ঞাপনে এসবির ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএমপির উপকমিশনার আসলাম উদ্দিনকে পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। নোয়াখালী পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকেও খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া আগের দুটি বদলির আদেশ বাতিল করা হয়েছে। ২০২৫ সালের ১১ ডিসেম্বরের আদেশে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে বদলির সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। একইভাবে গত ৫ মে ডিএমপির উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশও বাতিল করা হয়েছে।
অন্য একটি প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার আরও নয় কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে এপিবিএনের পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, এসবির বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এবং আরপিএমপির উপকমিশনার মো. আবদুর রহমানকে পিবিআইয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া পিবিআইয়ের পুলিশ সুপার মো. জাফর হোসেন ও মুহাম্মদ খালেদ-উজ-জামানকে সিআইডিতে, পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে ইন-সার্ভিস প্রশিক্ষণ কেন্দ্রে এবং এস এম রফিকুল ইসলামকে এপিবিএনে বদলি করা হয়েছে।
গাজীপুর ইন-সার্ভিস প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট এস এম সিরাজুল হুদাকে ঝিনাইদহ ইন-সার্ভিস প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট করা হয়েছে। পাশাপাশি সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. রিয়াজুল কবিরকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
সাম্প্রতিক এই রদবদলের ফলে পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ ইউনিটের নেতৃত্ব ও দায়িত্বে পরিবর্তন এসেছে।

