আলোচিত চার খুনের ঘটনার পর রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন পুলিশের বিশেষ শাখার উপমহাপরিদর্শক মাহবুবুর রশিদ।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ১২ আগস্ট রংপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেন আবদুল মাবুদ। দায়িত্ব নেওয়ার মাত্র ১৩ দিনের মাথায় তাঁকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হলো।
রংপুর নগরীর দাসপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তাঁর স্ত্রী ও দুই সন্তানসহ চারজনকে হত্যার ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। ওই হত্যাকাণ্ডের ঘটনায় গত ২৩ আগস্ট সংবাদ সম্মেলন করেন রংপুর মহানগর পুলিশ কমিশনার আবদুল মাবুদ। তিনি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে।
সংবাদ সম্মেলনে নির্মম এই হত্যাকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদেও ফেলেন পুলিশ কর্মকর্তা আবদুল মাবুদ।
চারজনকে হত্যার ঘটনায় তদন্ত নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা চলার মধ্যেই মাত্র ১৩ দিনের মাথায় রংপুর মহানগর পুলিশ কমিশনারের পদ থেকে তাঁকে বদলি করা হলো।

