দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চলমান সমালোচনার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এই খাতে তাৎক্ষণিক বৈপ্লবিক কোনো পরিবর্তন আশা করা বাস্তবসম্মত নয়। তার ভাষায়, প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও নির্দেশনায় ধাপে ধাপে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে জনপ্রত্যাশা পূরণের চেষ্টা করা হচ্ছে এবং সংশ্লিষ্ট বাহিনীকে জনবান্ধব হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ চলছে।
আজ বুধবার সকালে ঢাকায় ক্ষমতাসীন দলের আয়োজনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোয় দেশে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। রংপুরে একটি শিক্ষক পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় পুলিশি তদন্ত নিয়েও প্রশ্ন উঠেছে সাম্প্রতিক সময়ে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনি কাঠামোতে পরিবর্তন আনার বিষয়টি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাহিনীর জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি তাদের কর্মকাণ্ডে স্বচ্ছতা আনার উদ্যোগও নেওয়া হচ্ছে। তিনি এ প্রসঙ্গে অপরাধীদের কঠোর হাতে দমন এবং নিরপরাধ মানুষের নিরাপত্তা নিশ্চিতের নীতি অনুসরণের কথাও তুলে ধরেন।
বক্তব্যে তিনি দাবি করেন, সরকারের ছয় মাসের দায়িত্বকালে এমন কোনো অপরাধের ঘটনা ঘটেনি, যেখানে পুলিশ তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার বা বিচারের উদ্যোগ নেয়নি। এটিকেই তিনি বর্তমান সরকারের একটি অন্যতম সাফল্য হিসেবে উল্লেখ করেন।

