নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দুর্যোগের পর উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজন অনুযায়ী নেপালকে সহযোগিতা করার প্রস্তুতির কথাও জানিয়েছে ঢাকা।
বুধবার এক বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের খবর বাংলাদেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আকস্মিক বন্যা ও কাদাধসে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক মানুষ নিখোঁজ রয়েছেন এবং তাদের মধ্যে অনেকে মারা গিয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে পর্যটকরাও রয়েছেন।
বিবৃতিতে বলা হয়, এই কঠিন সময়ে নেপাল সরকার ও দেশটির জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এবং বাংলাদেশের জনগণ এই বিপর্যয়ে নেপালের পাশে রয়েছে।
দুর্যোগে প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় নিখোঁজদের দ্রুত সন্ধান এবং আহত ও ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা কামনা করেছে।
বাংলাদেশ জানিয়েছে, নেপালের প্রয়োজনের বিষয়টি বিবেচনায় রেখে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, দুর্যোগের পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় নেপালের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করার বিষয়ে বাংলাদেশ প্রস্তুত।

