রাজধানীর গেন্ডারিয়ায় প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় এক নারীসহ তিনজন আহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে স্বামীবাগের মুন্সিরটেক এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—পথচারী আশা আক্তার (২০), সিয়াম (১৮) এবং চা বিক্রেতা আলমগীর (৩৩)। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওই এলাকায় হঠাৎ গুলিবর্ষণের ঘটনা ঘটলে তারা গুলিবিদ্ধ হন।
ঘটনার পর আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহতদের চিকিৎসা চলছে। সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশা আক্তারের ডান পায়ে গুলি লেগেছে।
এদিকে গেন্ডারিয়া থানার উপপরিদর্শক রিপন জানান, এলাকায় গোলাগুলির খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার বিষয়টিও তারা জানতে পেরেছেন।
তবে কারা গুলি চালিয়েছে, কী কারণে এ ঘটনা ঘটেছে এবং হামলার পেছনে কোনো নির্দিষ্ট কারণ রয়েছে কি না—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

