দেশে হামের পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে সোমবার (৭ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গতকাল রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুইজন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৮৯৭ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গজনিত কারণে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৭ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় এই বিভাগে ৪৬৮ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৪৯ জন, সিলেটে ১৫৫ জন, বরিশালে ১৩৫ জন, ময়মনসিংহে ৮৬ জন, খুলনায় ৭৯ জন, রাজশাহীতে ৩০ জন এবং রংপুরে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা এরই মধ্যে ১ লাখ ৪৫ হাজার ২৭০ জনে পৌঁছেছে। তাদের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৮৩১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৩০৪ জনে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৭৫৬ জনের।
ক্রমাগত বাড়তে থাকা রোগীর সংখ্যা ও মৃত্যুর ঘটনায় বিশেষজ্ঞরা মনে করছেন, হামের বিস্তার নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার, দ্রুত রোগ শনাক্তকরণ এবং আক্রান্তদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা জরুরি।

