ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের তাপবিদ্যুৎকেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় ইউনিট আবার চালু হয়েছে। এতে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার পথ তৈরি হয়েছে এবং জাতীয় গ্রিডে বিদ্যুতের ঘাটতিও কমার আশা করা হচ্ছে।
রোববার বাংলাদেশ সময় ভোর ৫টা ১৭ মিনিটে ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি নির্ধারিত সময়ের আগেই চালু করা হয়। এরপর জাতীয় গ্রিডের সঙ্গে ইউনিটটির সংযোগ প্রক্রিয়া শুরু হয়। বেলা সাড়ে ১১টার মধ্যে এই প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল। এর পর দুপুরের মধ্যে বাংলাদেশে ওই ইউনিটের পূর্ণ বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে।
গত বৃহস্পতিবার গভীর রাতে বয়লার ব্যবস্থায় কারিগরি ত্রুটির কারণে ইউনিটটি হঠাৎ বন্ধ হয়ে যায়। ফলে ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার গোড্ডা বিদ্যুৎকেন্দ্রটি থেকে বাংলাদেশের সরবরাহ ১ হাজার ৪০০ মেগাওয়াটের বেশি থেকে কমে ৭৫০ মেগাওয়াটের নিচে নেমে আসে। এতে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং আরও বেড়ে যায়।
প্রাথমিকভাবে ত্রুটি মেরামতে অন্তত ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে বলে ধারণা করা হয়েছিল। তবে আদানি পাওয়ারের প্রকৌশলীরা নির্ধারিত সময়ের আগেই বয়লারের সমস্যা সমাধান করতে সক্ষম হন।
বাংলাদেশের জন্য গোড্ডা বিদ্যুৎকেন্দ্রটি একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সরবরাহের উৎস। ইউনিটটি দ্রুত চালু হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুতের সরবরাহ বাড়বে এবং বর্তমানে চলমান লোডশেডিংয়ের চাপ উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

