রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যত দ্রুত সম্ভব জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে একমত হয়েছে বাংলাদেশ ও রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম।
সোমবার (১৪ সেপ্টেম্বর) অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। পরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে বাকি কাজ দ্রুত শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকল্পের নির্ধারিত লক্ষ্য অনুযায়ী নির্মাণকাজের গতি আরও বাড়িয়ে দ্রুত বিদ্যুৎ উৎপাদনের দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।
বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার ওপর গুরুত্ব দেন। তবে কাজের গতি বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক পরমাণু নিরাপত্তার মান এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও জোর দেন তিনি।
রূপপুর প্রকল্পে রোসাটমের পক্ষ থেকে ভবিষ্যতেও নিরবচ্ছিন্ন কারিগরি ও কৌশলগত সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন সংস্থাটির মহাপরিচালক আলেক্সি লিখাচেভ।
বৈঠক শেষে বাংলাদেশ ও রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে ফকির মাহবুব আনাম ও আলেক্সি লিখাচেভ পরস্পরের মধ্যে স্মারক উপহার বিনিময় করেন।
দুই দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

