জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বিশ্বনেতাদের সঙ্গে তিনি এ আয়োজনে অংশ নেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এটিই তারেক রহমানের প্রথম অংশগ্রহণ।
এর আগে নিউইয়র্কের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সঙ্গীদের সম্মানে এই স্বাগত প্রাতরাশের আয়োজন করেন।
প্রাতরাশ শেষে বিশ্বনেতাদের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী আয়োজনে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবারের অধিবেশনে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বিশ্বনেতাদের আলোচনার পাশাপাশি বাংলাদেশের পক্ষ থেকেও গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার কথা রয়েছে।

