দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনের বড় একটি সময়জুড়ে আকাশ রৌদ্রোজ্জ্বল থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় অস্থায়ীভাবে দমকা হাওয়াও বয়ে যেতে পারে।
এ ছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-একটি জায়গায়ও বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অল্প সময়ের জন্য দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে।
চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

