মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাউয়াছড়া এলাকায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির সংযোগস্থলের হুক ছিঁড়ে যাওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শুক্রবার ২ অক্টোবর দুপুর ১টা ১৫ মিনিটের দিকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের বগির জোড়ার হুক ছিঁড়ে গেলে ট্রেনটি লাউয়াছড়া এলাকায় আটকে পড়ে। এতে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ছিঁড়ে যাওয়া হুক পুনরায় সংযুক্ত ও মেরামতের কাজ শুরু করেন। মেরামতের কাজ শেষ হলে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শিপলু সূত্রধর বিষয়টি নিশ্চিত করে জানান, হুক ছিঁড়ে যাওয়ার পর পাহাড়িকা এক্সপ্রেসের সাতটি বগি নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে চলে আসে। বর্তমানে ছিঁড়ে যাওয়া হুক মেরামতের কাজ চলছে।
রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, মেরামত শেষ করে ট্রেন চলাচল পুনরায় চালু করার চেষ্টা চলছে।

