মঙ্গলবার (২৬ নভেম্বর), হবিগঞ্জের বানিয়াচংয় উপজেলার পুকড়া এলাকায় সন্ধ্যা ৬টার দিকে মোটরসাইকেলের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন প্রাণ হারায়।
ঘটনাস্থলে নিহতদের নাম জানা যায়- একজন কাউছার মিয়া (২২) ও অপরজন আব্দুল কাদির (২৪)।
আব্দুল কাদির নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামের মুজিবুর রহমানের ছেলে এবং কাউছার মিয়া একই গ্রামের আব্দুল মজিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল দিয়ে হবিগঞ্জ শহরে যাচ্ছিলেন আব্দুল কাদির ও কাউছার মিয়া। এ সময় উল্টো দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে আব্দুল কাদির ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কাউছার মিয়ার মৃত্যু হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ২ জনের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

