নীলফামারীর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভুয়া কাগজপত্র দিয়ে ভোটার হতে গিয়ে চার রোহিঙ্গা যুবক গ্রেফতার। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।
নীলফামারী সদর থানা–পুলিশের পরিদর্শক এম আর সাঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রোহিঙ্গা চার যুবকের বিরুদ্ধে রাতে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সামসুল আযম জানান, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য গত সোমবার ওই চার যুবক তার কার্যালয়ে আসেন। তারা সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের মহব্বত বাজিতপাড়া (ভোটার এলাকার কোড নম্বর-০৩১৬) গ্রামে ভোটার হওয়ার জন্য আবেদন করেন।
আটক কৃতরা হলেন–কক্সবাজার উখিয়া জামতলী রোহিঙ্গা ক্যাম্প সাব ব্লক-এফ/ ১৫ এর মো. আবুল হাসেমের ছেলে মো. আমজাদ (২৪), একই উপজেলার কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্প ব্লক-জি/ ২ এর মৃত করিমুল্লাহর ছেলে মো. আরাফাত নূর (২৪), উখিয়া বালুখালি রোহিঙ্গা ক্যাম্প ৮-ই ব্লক-বি/ ২৭ এর বাসিন্দা গুলই হোসাইনের ছেলে আনছ ওরফে আনোজ ওরফে আরোশ (২৪) এবং উখিয়া পূর্বদরহাবিল গ্রামের নাজির হোসেনের ছেলে হাফিজ উল্লাহ্ (২৫)। তিনি ওই গ্রামের এক নারীকে বিয়ে করে সেখানে বসবাস করেন।

