সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি আখতারুজ্জামানকে ভুক্তভোগী মানুষের প্রতিবাদের কণ্ঠ হিসেবে অভিহিত করেন। আখতারুজ্জামান সম্প্রতি জামায়াতে যোগ দিয়েছেন।
পোস্টের শুরুতেই শফিকুর রহমান লেখেন, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। এরপর তিনি দাবি করেন, বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ, কর্তৃপক্ষের উদাসীনতা, অনিয়ম ও অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন আখতারুজ্জামান। জামায়াত আমিরের ভাষ্য, এর মধ্য দিয়ে তিনি কার্যত ভুক্তভোগী যাত্রী, বিশেষ করে বিদেশফেরত প্রবাসীদের প্রতিবাদের কণ্ঠ হয়ে উঠেছেন।
শফিকুর রহমানের অভিযোগ, এই প্রতিবাদকে গুরুত্ব দিয়ে বিমানবন্দরের দুর্বলতা শোধরানোর বদলে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, দুইবারের সাবেক সংসদ সদস্য ও একজন বীর মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে অপমান করার নানা হীন পদক্ষেপও নেওয়া হয়েছে।
জামায়াত আমির বলেন, জনগণ অন্ধ নয়, তারা সবকিছুই দেখছে। তাঁর ভাষায়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আখতারুজ্জামান সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং ভুক্তভোগী মানুষের হৃদয়ে বীর হয়ে উঠেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গ্রেপ্তারের নির্দিষ্ট কারণ বা অভিযোগ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

