সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড। এই সহায়তা পেতে দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে আবেদন করতে হবে। নির্ধারিত সময় পেরিয়ে গেলে বিধিমালা অনুযায়ী আর আবেদনের সুযোগ থাকবে না।
বৃহস্পতিবার বিআরটিএর ফেসবুক পেজে প্রকাশিত তথ্যে এসব জানানো হয়েছে। পেজে বলা হয়, সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত যেকোনো ব্যক্তি, এমনকি চালকও, ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তা পেতে পারেন।
সহায়তার পরিমাণ ক্ষতির ধরন অনুযায়ী ভিন্ন। মৃত্যুর ক্ষেত্রে সর্বনিম্ন ৫ লাখ টাকা দেওয়া হবে। অঙ্গহানি হলে সর্বনিম্ন ৩ লাখ টাকা মিলবে। গুরুতর আহত হয়ে কেউ স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা হারালে তিনিও সর্বনিম্ন ৩ লাখ টাকা পাবেন। আহত ব্যক্তির স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা থাকলে সর্বনিম্ন ১ লাখ টাকা সহায়তা দেওয়া হবে।
আবেদনের জন্য ফরম-৩২ পূরণ করে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের কাছে জমা দিতে হবে। এ ছাড়া বিআরটিএ সার্ভিস পোর্টালের (বিএসপি) মাধ্যমে অনলাইনেও আবেদন করা যায়। আবেদন অনুমোদিত হলে সহায়তার অর্থ আবেদনকারীর ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে পরিশোধ করা হয়।
দেশে সড়ক দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা। অনেক সময় নিহত বা আহতের পরিবার এই সহায়তার বিষয়ে জানেই না। ফলে নির্ধারিত সময় পেরিয়ে যায় এবং তাঁরা বঞ্চিত হন। তাই দুর্ঘটনার পর ৯০ দিনের সময়সীমার কথা মাথায় রেখে দ্রুত আবেদন করা জরুরি।

