মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে গিয়ে হামলার শিকার হয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম। তাঁকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে দেশি অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় হাসিব আহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার রাধানগর এলাকায় বালিশিরা রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে।
রিসোর্ট সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর স্বামী-স্ত্রী পরিচয়ে এক নারীকে সঙ্গে নিয়ে রিসোর্টের অগ্নিবীণা ভবনের ১১৮ নম্বর কক্ষে ওঠেন হাসিব। আজ দুপুরে চট্টগ্রামের উদ্দেশে রিসোর্ট থেকে বের হওয়ার পর হামলার শিকার হন তিনি।
অভিযোগ অনুযায়ী, রিসোর্টের সামনে কয়েকজন ব্যক্তি তাঁর পথরোধ করেন। এ সময় তাঁকে ‘জুলাই জঙ্গি’ বলে গালাগাল করা হয় এবং দেশি অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। একপর্যায়ে দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন হাসিব। পরে রিসোর্টে ফিরে এলে তাঁর হাতে আঘাতের চিহ্ন দেখতে পান কর্তৃপক্ষ। তাঁরা তাঁর হাতে ব্যান্ডেজ করে দেন।
হামলার ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে
হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক তরুণীর সঙ্গে অটোরিকশায় যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি তাঁদের পথ আটকে হাসিবের ওপর হামলা করছেন।
রিসোর্টের ব্যবস্থাপক ইয়াসির আরাফাত স্বপন গণমাধ্যমকে জানান, হামলার পর আত্মরক্ষার জন্য সেখান থেকে চলে যান হাসিব। পরে তিনি রিসোর্টে ফিরে আসেন।
জাতীয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসানও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর দাবি, হামলায় আহত হয়েছেন হাসিব।
পুলিশ বলছে, হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। তবে তাঁকে হাসপাতালে পাওয়া যায়নি।
পরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজনের মাধ্যমে পুলিশ জানতে পারে, হাসিব শ্রীমঙ্গল ছেড়ে চলে গেছেন।
ওসি জানান, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

