তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় তুরস্কের আন্তালিয়া শহরের ম্যাক্স রয়েল হোটেলে দুই নেতার এই বৈঠক শুরু হয়।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরও উপস্থিত রয়েছেন।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার সকালে তিন দিনের সরকারি সফরে ঢাকা ছাড়েন তারেক রহমান। বিকেলে তিনি আন্তালিয়ায় পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে কূটনৈতিক যোগাযোগ এবং উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে তৎপরতা বেড়েছে। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।
এর আগে গত ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের সময় তুর্কি হাউসে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই আলোচনায় দুই দেশের সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়ানো এবং বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট।
এদিকে কপ-৩১ সম্মেলন বাংলাদেশের জন্যও বেশ গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থায়ন বাড়ানো, অভিযোজন কার্যক্রমে সহায়তা এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থায়নের বিষয়গুলো সম্মেলনে তুলে ধরবে বাংলাদেশ। পাশাপাশি জলবায়ু সংকটের জন্য উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতার বিষয়টিও গুরুত্ব পাবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১২ নভেম্বর সম্মেলনের প্লেনারি অধিবেশনে বক্তব্য দেবেন। বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু অর্থায়ন ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক করার দাবি জানানো হবে। একই সঙ্গে জলবায়ু সহনশীল উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর এবং অভিযোজন কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হবে।
সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এসব আলোচনার মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ তৈরির বিষয়টি গুরুত্ব পাবে।

