বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়, দুর্ঘটনা কিংবা যান্ত্রিক ত্রুটিতে বিপদে পড়া জেলেদের দ্রুত শনাক্ত ও উদ্ধারে নতুন প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সাগরে মাছ ধরার নৌযানগুলোর অবস্থান ও চলাচল সার্বক্ষণিক পর্যবেক্ষণে উপগ্রহভিত্তিক নজরদারি ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হতে পারে প্রায় ৬০০ কোটি টাকা।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) উদ্যোগে স্বয়ংক্রিয় নৌযান শনাক্তকরণ প্রযুক্তি সংযুক্ত কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে উপকূল থেকে অনেক দূরে গভীর সমুদ্রে অবস্থান করা মাছ ধরার নৌযানগুলোর অবস্থানও শনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি সমুদ্রসীমার নিরাপত্তা, সামুদ্রিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হবে।
বিএসসিএল কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রায় ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার সমুদ্রসীমায় রয়েছে বিপুল মৎস্যসম্পদ, সামুদ্রিক জীববৈচিত্র্য ও অর্থনৈতিক সম্ভাবনা। কিন্তু এত বিশাল এলাকায় নিয়মিত নজরদারি চালানো এখনো বড় চ্যালেঞ্জ। এ সমস্যা মোকাবিলায় চারটি নিম্ন কক্ষপথের কৃত্রিম উপগ্রহ, দুটি ভূকেন্দ্র এবং তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণের জন্য নিজস্ব সার্ভার অবকাঠামো স্থাপনের পরিকল্পনা করা হয়েছে।
এই ব্যবস্থা চালু হলে বাংলাদেশের নিজস্ব অবকাঠামোতেই সমুদ্রের নৌযানসংক্রান্ত তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা যাবে। ফলে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতাও কমবে।
বর্তমানে কক্ষপথে থাকা বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মূলত টেলিযোগাযোগ ও সম্প্রচার সেবা দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। তবে প্রস্তাবিত নতুন ব্যবস্থার উদ্দেশ্য হবে সমুদ্রে চলাচলকারী নৌযানগুলোর অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণ করা।
পরিকল্পনা অনুযায়ী, পুরো বঙ্গোপসাগরের কোনো একটি নির্দিষ্ট এলাকা পর্যবেক্ষণের পর সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে আবার সেই এলাকায় নজরদারি চালানো সম্ভব হবে। অর্থাৎ, আধা ঘণ্টার ব্যবধানে সমুদ্রের একই এলাকার নৌযানগুলোর অবস্থান সম্পর্কে হালনাগাদ তথ্য পাওয়া যাবে।
এর ফলে সমুদ্রের কোন এলাকায় কতটি মাছ ধরার নৌযান রয়েছে, কোথায় মাছ ধরার তৎপরতা বেশি এবং কোন নৌযান নির্ধারিত সীমার বাইরে চলে যাচ্ছে, তা বিশ্লেষণ করা সহজ হবে। একই সঙ্গে অতিরিক্ত মাছ আহরণ নিয়ন্ত্রণ, সামুদ্রিক প্রজাতি সংরক্ষণ এবং দীর্ঘমেয়াদি মৎস্যসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা তৈরিতেও এই প্রযুক্তি সহায়তা করবে।
প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ বর্তমানে চলছে। কারিগরি নকশা চূড়ান্ত করা, অর্থায়নের ব্যবস্থা, উপগ্রহ নির্মাতা প্রতিষ্ঠান নির্বাচন এবং প্রয়োজনীয় অবকাঠামো তৈরির পর বাস্তবায়ন শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে উপগ্রহভিত্তিক এই নজরদারি সেবা চালু করার লক্ষ্য রয়েছে।

