জ্বালানি সংকটের মধ্যেও আগামী ডিসেম্বর পর্যন্ত দেশের গ্যাসের চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। একই সঙ্গে জানুয়ারি মাসের চাহিদা পূরণে নতুন করে জ্বালানি কেনার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বৈশ্বিক অনিশ্চয়তায় অর্থনীতির রোডম্যাপ, সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তার কৌশল’ শীর্ষক পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে এসব তথ্য জানান মন্ত্রী।
তিনি বলেন, বর্তমানে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল রয়েছে। ডিসেম্বর পর্যন্ত স্বাভাবিক সরবরাহ বজায় রাখার জন্য প্রয়োজনীয় এলএনজি কেনা হয়েছে। এবার জানুয়ারি মাসের চাহিদা বিবেচনায় নিয়ে পরবর্তী কেনাকাটার পরিকল্পনা করা হবে।
সাম্প্রতিক জ্বালানি সংকটের ভয়াবহতা তুলে ধরে মন্ত্রী জানান, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) সংক্রান্ত সমস্যার কারণে একপর্যায়ে দেশে গ্যাস সরবরাহ প্রায় অর্ধেকে নেমে এসেছিল। এর সরাসরি প্রভাব পড়ে বিদ্যুৎ উৎপাদনে। অনেক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি গ্যাসের অভাবে বিপাকে পড়ে বিভিন্ন শিল্পকারখানা।
পরিস্থিতি সামাল দিতে দীর্ঘমেয়াদি চুক্তির বাইরে আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে এলএনজি কিনতে হয়েছে। বিশেষ করে সিঙ্গাপুরের বাজারে জ্বালানিটির দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। আগে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ১২ ডলার থাকলেও সর্বশেষ কেনাকাটায় তা বেড়ে ৩১ ডলারে পৌঁছায়।
এলএনজির এই মূল্যবৃদ্ধির কারণে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের খরচও অনেক বেড়ে যায়। একপর্যায়ে গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদনের ব্যয় তেলভিত্তিক উৎপাদনের প্রায় সমান হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কয়েকটি ইউনিট চালু করা হয়েছিল বলে জানান মন্ত্রী।
বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি আরও বলেন, দেশে এখন গ্যাস সরবরাহ আগের তুলনায় স্থিতিশীল রয়েছে। গত প্রায় দুই সপ্তাহে লোডশেডিংয়ের পরিমাণও ছিল খুবই কম। কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহে সাময়িক সমস্যা দেখা দিলেও সেগুলোর কারণ জ্বালানি সংকট নয়, বরং কারিগরি ত্রুটি।

