দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে মিল রেখে বছরব্যাপী ১০ ধরনের খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং মাদকমুক্ত ও নৈতিকতাসম্পন্ন সমাজ গড়ার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এ উদ্যোগ নিয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিয়মিত শ্রেণি কার্যক্রমের পাশাপাশি একাডেমিক ক্যালেন্ডারের অংশ হিসেবে নির্দিষ্ট ১০টি খেলা সারা বছর পরিচালনার জন্য মাঠপর্যায়ে নির্দেশনা ও রূপরেখা পাঠানো হয়েছে। সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী এসব খেলা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত রয়েছে। তাঁর ভাষ্য, এতে শিক্ষার্থীরা ক্লাসের ফাঁকে বা নির্ধারিত পিরিয়ডে খেলাধুলা ও ফিটনেস চর্চার সুযোগ পাবে। এটি তাদের শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখবে এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে সহায়ক হবে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি পত্রের আলোকে আজ মাঠপর্যায়ে এই নির্দেশনা জারি করা হয়েছে। অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক অধ্যাপক মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত পত্রটি পাঠানো হয়েছে সব আঞ্চলিক পরিচালক, উপপরিচালক ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছে। তাঁদের বলা হয়েছে, প্রতিষ্ঠানগুলোর বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে ১০টি খেলা সারা বছর আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।
তালিকায় থাকা খেলাগুলো হলো ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, সাঁতার, টেবিল টেনিস ও কাবাডি। এর পাশাপাশি অন্য খেলাও থাকবে।
উদ্যোগটির সূত্রপাত গত ৮ অক্টোবর। ওই দিন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই খেলাধুলা আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি আধা-সরকারি পত্র পাঠান। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিবকে পরবর্তী পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়।
ওই পত্রে প্রতিমন্ত্রী বলেন, দক্ষ, সৃজনশীল ও কর্মঠ জাতি গঠনে এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অনেক। কিশোর-কিশোরী ও তরুণদের দলগত কাজের মানসিকতা গড়ে তোলা, নেতৃত্বের গুণ বিকাশ, শৃঙ্খলাবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও নৈতিক মানদণ্ড ধরে রাখতে খেলাধুলা বিশেষ ভূমিকা রাখে। তিনি দার্শনিক ইমানুয়েল কান্টের নৈতিক দর্শন এবং লেখক লরি মায়ার্সের একটি উক্তির প্রসঙ্গ টেনে বলেন, প্রাথমিক স্তর থেকে নিয়মিত ক্রীড়া কার্যক্রমে যুক্ত থাকলে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়বে। একই সঙ্গে টেকসই উন্নয়ন অভীষ্টের চতুর্থ লক্ষ্য, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক গুণগত শিক্ষা অর্জনেও এটি সহায়ক হবে।
সিঙ্গাপুরের উদাহরণও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, আধুনিক সিঙ্গাপুরের রূপকার লি কুয়ান ইউর লেখা বইয়ে বলা হয়েছে, দেশটিতে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত সহশিক্ষা কার্যক্রম হিসেবে একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে মিল রেখে খেলাধুলা বাধ্যতামূলক করা হয়েছিল। পাশাপাশি তরুণ শিক্ষার্থীদের ফিটনেস মূল্যায়নও নিয়মিত হতো। এর মাধ্যমেই একটি উন্নত জাতি গড়ে তোলা সম্ভব হয়েছে বলে তিনি মনে করেন।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের ২৫ নম্বর দফায় ক্রীড়াশিক্ষা ও খেলাধুলার প্রসার নিশ্চিত করার কথা বলা হয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থার শর্ত অনুযায়ী মাদকমুক্ত সমাজ গড়তেও শিক্ষার্থীদের মাঠমুখী করা জরুরি। এর মাধ্যমে মানবসম্পদকে দক্ষ জনশক্তিতে রূপ দেওয়া সম্ভব বলে তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন।
অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক শহিদুল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তাঁর ভাষ্য, আগে সাধারণত জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির মাধ্যমে গ্রীষ্মকালীন ও শীতকালীন খেলাধুলা হতো। প্রতিষ্ঠান পর্যায়ে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া ক্রীড়া ফি দিয়েও কিছু টুর্নামেন্ট আয়োজন করা হতো। তবে সারা বছরের জন্য নির্দিষ্ট কোনো একাডেমিক সূচি ছিল না। এখন থেকে নিয়মিত পাঠদানের পাশাপাশি ১০টি খেলা সারা বছর পরিচালনার সুযোগ তৈরি হবে। তিনি জানান, মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশনাও দেওয়া হবে।
উদ্যোগটি কাগজে-কলমে যতটা আকর্ষণীয়, বাস্তবায়নে ততটাই চ্যালেঞ্জ রয়েছে। দেশের বহু শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ, প্রশিক্ষিত শারীরিক শিক্ষা শিক্ষক ও সরঞ্জামের ঘাটতি আছে। সাঁতারের মতো খেলার জন্য প্রয়োজন বিশেষ অবকাঠামো। তাই সব প্রতিষ্ঠানে ১০টি খেলা কীভাবে নিশ্চিত করা হবে, তার সুস্পষ্ট রূপরেখা ও প্রয়োজনীয় বরাদ্দ জরুরি। সঠিক পরিকল্পনা ও তদারকি থাকলে এই উদ্যোগ শিক্ষার্থীদের মোবাইল ও মাদকের আসক্তি থেকে দূরে রাখতে এবং সুস্থ প্রজন্ম গড়তে কার্যকর ভূমিকা রাখতে পারে।

