কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণ দেখিয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। সংসদ সচিবালয়ের একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। পদত্যাগপত্রে তিনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দিতে পারেননি তিনি। সে সময়ও যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এই সংসদ সদস্য।
তবে বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্রের দাবি, মন্ত্রিত্ব না পাওয়ায় ওসমান ফারুকের মধ্যে অসন্তোষ ছিল। এ কারণেও তিনি পদত্যাগ করে থাকতে পারেন।
সাবেক শিক্ষামন্ত্রী থেকে সংসদ সদস্য
ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ওসমান ফারুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় ও কর্নেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
এর আগে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। ওই সময় বিএনপি সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন।
তাঁর পদত্যাগের ফলে কিশোরগঞ্জ-৩ আসনের সংসদীয় প্রতিনিধিত্ব নিয়ে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে।

