সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনে জামায়াত সমর্থিত আইনজীবীদের সংগঠন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ দাবি জানান।
শিশির মনির বলেন, অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর সঙ্গে তাঁর কথা হয়েছে। রঞ্জু তাঁকে জানিয়েছেন, হামলার আগে তিনি বারবার নিজের পরিচয় দিয়েছেন। বলেছেন, ‘আমি অমুক নই, আমার নাম রঞ্জু। আপনি আমাকে চেনেন। আমি ফেসবুকে অ্যাক্টিভ। আমি লইয়ার্স কাউন্সিল এবং জামায়াতে ইসলামীর লোক।’
এরপরও তাঁকে সেখান থেকে বের করে নিয়ে রড দিয়ে পেটানো হয়েছে বলে অভিযোগ করেন শিশির মনির।
মামলা ও বিচারের দাবি
সরকারের উদ্দেশে শিশির মনির বলেন, এ ধরনের অরাজক পরিস্থিতি বন্ধ করতে না পারলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘সবাইকে সাক্ষী রেখে বলতে চাই, এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে। এ অপরাধে একটি মামলা রুজু করা দরকার।’
পাশাপাশি দায়িত্বশীল আইনজীবীদের পক্ষ থেকে আলাদা সংবাদ সম্মেলন আয়োজন করে অভিযুক্ত ব্যক্তির ছবি ও পরিচয় সুপ্রিম কোর্টের বিভিন্ন স্থানে প্রকাশ করার প্রস্তাব দেন তিনি।
সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
শিশির মনির বলেন, সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে এভাবে অসম্মান করে কেউ পার পেয়ে গেলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠবে।
তিনি বলেন, ‘এভাবে যদি সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে অসম্মান করে পার পেয়ে যাওয়া যায়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা বলতে আর কিছু থাকবে না।’
তাঁর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি আইন নিজের হাতে তুলে নিয়েছেন। আইনজীবীদের প্রতিবাদের ভাষা ও আইনের শাসন প্রতিষ্ঠার দায়িত্বের কথাও তুলে ধরেন তিনি।
শিশির মনির আরও বলেন, আগামীকালই সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে অভিযুক্ত ব্যক্তিকে বিচারের আওতায় আনা সবার স্বার্থেই জরুরি।

