বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা চর্চা করতে গিয়ে ২০২৬ সালের প্রথম ১০ মাসে অন্তত ১১১ জন মামলা, গ্রেপ্তার, আটক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। মানবাধিকার সহায়তা সংস্থার এক গবেষণায় উঠে এসেছে এমন চিত্র। এ পরিস্থিতিতে সাইবার সুরক্ষা আইন সংশোধন করে এর অপব্যবহার বন্ধ এবং নাগরিকের বাক্স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন মানবাধিকারকর্মী, আইনজীবী ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা।
গতকাল ঢাকার জাতীয় প্রেসক্লাবে মতপ্রকাশের স্বাধীনতা ও সাইবার সুরক্ষা বিষয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। এতে বক্তারা বলেন, একের পর এক সাইবার আইন প্রণয়ন করা হলেও সাধারণ মানুষের অধিকার সুরক্ষায় প্রত্যাশিত অগ্রগতি হয়নি। বরং এসব আইনের অপপ্রয়োগের আশঙ্কা এখনো রয়ে গেছে।
গবেষণায় দেখা গেছে, মতপ্রকাশের কারণে হয়রানির শিকার ১১১ জনের মধ্যে ৬২ জন, অর্থাৎ ৫৫ দশমিক ৯ শতাংশ, প্রধানমন্ত্রী, তাঁর পরিবার, সরকার কিংবা বিএনপি নেতাদের সমালোচনা করার কারণে বিভিন্ন ধরনের পদক্ষেপের মুখে পড়েছেন।
ঘটনাগুলো বিশ্লেষণ করে ৬৬টি ক্ষেত্রে আইনের অপব্যবহারের চিত্র পাওয়া গেছে। এর মধ্যে সাইবার নিরাপত্তাসহ সাইবার-সম্পর্কিত আইনে ৩৬টি মামলা, দণ্ডবিধির মানহানিসংক্রান্ত ধারায় ১৩টি এবং সন্ত্রাসবিরোধী আইনে ১০টি মামলা রয়েছে। এ ছাড়া ১১টি সাধারণ ডায়েরিও করা হয়েছে।
ধর্ম কিংবা ধর্মীয় ব্যক্তিত্বের সমালোচনার কারণে ২৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করায় ২২ জন, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে মন্তব্য করায় ১০ জন, সংবাদ প্রতিবেদন প্রকাশের কারণে সাতজন এবং বিএনপি নেতাদের মানহানির অভিযোগে সাতজন হয়রানির শিকার হয়েছেন।
গবেষণার তথ্য অনুযায়ী, মোট ৬৬ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৬৩ জন পুরুষ এবং তিনজন নারী। আটক ব্যক্তিদের মধ্যে ৪৭ জনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে মামলা ছাড়াই আটক বা গ্রেপ্তার হয়েছেন ১৯ জন পুরুষ।
শুধু মামলা কিংবা আটকের মধ্যেই এসব ঘটনা সীমাবদ্ধ ছিল না। অন্তত চারজন শারীরিক হামলার শিকার হয়েছেন। বেসরকারি ব্যক্তিদের হামলায় প্রাণ হারিয়েছেন দুজন। এ ছাড়া আটজনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে অথবা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশের কারণে ১৮ বছরের কম বয়সী তিন শিক্ষার্থীও অভিযোগের মুখে পড়েছে। তাদের মধ্যে দুজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
পেশাগত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে এমন ৮৪ জনের মধ্যে ২৫ জন সাংবাদিক। তাঁদের মধ্যে ২৩ জনের বিরুদ্ধে মামলা এবং দুজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছে। সাংবাদিকদের মধ্যে ১৭ জন সাইবার আইনে মামলার শিকার হয়েছেন। দণ্ডবিধির ৫০০ ধারায় মানহানির অভিযোগ আনা হয়েছে পাঁচজনের বিরুদ্ধে। এ ছাড়া চারজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।
সাংবাদিকদের বিরুদ্ধে সবচেয়ে বেশি মামলা করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তাঁদের পক্ষ থেকে ১৪ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভোলা, চট্টগ্রাম ও বগুড়া—এই তিন জেলার ১৯ জন সাংবাদিক বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন।
মাসভিত্তিক হিসাবেও ঘটনার উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ ২২টি ঘটনা ঘটেছে। অন্যদিকে ফেব্রুয়ারি মাসে এ ধরনের ঘটনা ছিল সবচেয়ে কম, মাত্র দুটি।
বৈঠকে বক্তারা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তাঁদের মতে, বিভিন্ন পক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা হলেও প্রস্তাবিত আইনে এমন কিছু অস্পষ্ট বিধান রয়ে গেছে, যেগুলোর অপব্যবহারের সুযোগ রয়েছে।
সাবেক জাতীয় মানবাধিকার কমিশন সদস্য এবং গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন বলেন, ধারাবাহিকভাবে সাইবার আইন প্রণয়ন করা হলেও সাধারণ নাগরিকের সুরক্ষা নিশ্চিত করা যায়নি। অন্যদিকে ক্ষমতাসীনদের সমালোচনা করার সুযোগ সংকুচিত হয়েছে।
তিনি প্রশ্ন তোলেন, রাজনৈতিক নেতাদের সমালোচনা করলেই যদি মামলা ও কারাবাসের মুখোমুখি হতে হয়, তাহলে অনলাইনে গুরুতর হয়রানির শিকার ব্যক্তিরা কেন দ্রুত প্রতিকার পাবেন না?
এ প্রসঙ্গে তিনি এক নারীর ঘটনা তুলে ধরেন। ওই নারীর মুঠোফোন চুরি হওয়ার পর তাঁর ব্যক্তিগত ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছিল। নূর খান লিটনের প্রশ্ন, ব্যক্তিগত তথ্যের সুরক্ষাই যদি নিশ্চিত করা না যায়, তাহলে এই আইনের কার্যকারিতা কোথায়?
তিনি বলেন, অনলাইনে ছড়িয়ে পড়া ব্যক্তিগত ছবি ও ভিডিও দ্রুত সরিয়ে না নিলে ভুক্তভোগীকে সামাজিক ও আর্থিকসহ নানা ধরনের ক্ষতির মুখে পড়তে হয়। তাই রাজনৈতিক ব্যক্তিদের সমালোচনা নিয়ন্ত্রণের পরিবর্তে নাগরিকের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার দিকে আইনপ্রণেতাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত।
ক্ষমতাবান ব্যক্তিদের সন্তুষ্ট করতে তাঁদের ঘনিষ্ঠ সহযোগীরাও সমালোচকদের বিরুদ্ধে মামলা করতে পারেন বলে সতর্ক করেন তিনি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রী বা সংসদ সদস্য নিজে মামলা না করলেও তাঁদের অনুসারীরা এমন অভিযোগ দায়ের করতে পারেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী প্রিয়া আহসান চৌধুরী বলেন, প্রস্তাবিত সংশোধনীতেও গুজব, অপমান ও বিভ্রান্তিকর তথ্যসংক্রান্ত অপরাধের সংজ্ঞা যথেষ্ট স্পষ্ট নয়। এসব অভিযোগে কিছু ক্ষেত্রে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তারের সুযোগ রাখা হয়েছে। তাঁর প্রশ্ন, এ ধরনের অভিযোগে কাউকে এক দিনের জন্যও কারাগারে থাকতে হবে কেন?
তিনি মনে করেন, শুধু শাস্তির মেয়াদ কমিয়ে দিলেই নাগরিকের সুরক্ষা নিশ্চিত হবে না। কারণ, গ্রেপ্তার এবং দীর্ঘদিন ধরে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়াটাও একজন ব্যক্তির জন্য শাস্তির মতো হয়ে উঠতে পারে।
অনলাইনে নারী ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতা মোকাবিলায় ভুক্তভোগীদের সুরক্ষা, পুলিশের মধ্যে সমন্বয় এবং অপরাধ তদন্তের কারিগরি সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। পাশাপাশি কোনো অনলাইন বিষয়বস্তু বন্ধ করার ক্ষেত্রে বিচারিক তদারকি তুলে দেওয়ার প্রস্তাবের সমালোচনা করেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক সিব্বির আহমদ বলেন, মতপ্রকাশের ওপর যেকোনো বিধিনিষেধ হতে হবে সুস্পষ্ট, প্রয়োজনীয় ও আনুপাতিক। কোনো বক্তব্য অপরাধ কি না, তা নির্বাহী বিভাগের একক সিদ্ধান্তে নির্ধারিত হওয়া উচিত নয়। এ সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব আদালতের।
বিচারিক অনুমোদন ছাড়া অনলাইন বিষয়বস্তু বন্ধের বিরোধিতা করে তিনি বলেন, সাংবাদিকদের মুঠোফোন জব্দ করা হলে তাঁদের সংবাদসূত্রের গোপনীয়তা হুমকির মুখে পড়তে পারে। তাই এ ধরনের যন্ত্রপাতি জব্দের আগে আদালতের অনুমতি থাকা প্রয়োজন।
ভয়েস ফর রিফর্মের ফাহিম মাশরুরও জনসাধারণের সমালোচনাকে অপরাধ হিসেবে বিবেচনা করার বিরোধিতা করেন। তাঁর মতে, প্রয়োজন হলে আপত্তিকর বিষয়বস্তু বন্ধ করা যেতে পারে, কিন্তু এ কারণে কাউকে কারাগারে পাঠানো উচিত নয়। মানহানিসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি ফৌজদারি মামলার পরিবর্তে দেওয়ানি প্রক্রিয়ায় হওয়া উচিত বলেও মত দেন তিনি।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের বাংলাদেশ কার্যালয়ের সহকারী মানবাধিকার কর্মকর্তা সায়মা করিম জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিত্ব বাদ দেওয়ার প্রস্তাব নিয়ে প্রশ্ন তোলেন। অন্যদিকে আইন ও সালিশ কেন্দ্রের উপদেষ্টা মাবরুক মোহাম্মদ বলেন, মানবাধিকার সহায়তা সংস্থার গবেষণার ফলাফল অতীতের দমনমূলক চর্চায় ফিরে যাওয়ার আশঙ্কা তৈরি করছে।
বৈঠকে মানবাধিকার সহায়তা সংস্থার নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে রয়েছে মানহানিকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনার বিধান বাতিল, বিনা কারণে গ্রেপ্তার ঠেকাতে কার্যকর সুরক্ষা, অনলাইন বিষয়বস্তু বন্ধে বিচারিক তদারকি নিশ্চিত করা এবং একটি স্বাধীন সাইবার সুরক্ষা পরিষদ গঠন।
বক্তাদের মতে, সাইবার অপরাধ মোকাবিলার পাশাপাশি নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করাও আইনের অন্যতম প্রধান দায়িত্ব হওয়া উচিত।

