জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের মধ্যে ১৩টিতে কোনো অধ্যাপক নেই। প্রতিষ্ঠার প্রায় দুই দশক পেরিয়ে গেলেও এসব বিভাগে অধ্যাপক ছাড়াই চলছে পাঠদান ও শিক্ষা কার্যক্রম। বাকি ১২টি বিভাগে কর্মরত আছেন ৪৫ জন অধ্যাপক। অভিজ্ঞ শিক্ষকের পাঠদান, গবেষণার দিকনির্দেশনা ও উচ্চতর গবেষণার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, নির্ধারিত যোগ্যতা পূরণকারী প্রার্থীরা আবেদন না করায় এই সংকট কাটছে না।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এখানে মোট শিক্ষক রয়েছেন ২৩২ জন। এর মধ্যে অধ্যাপক ৪৫ জন, সহযোগী অধ্যাপক ৬২ জন, সহকারী অধ্যাপক ৯১ জন এবং প্রভাষক ৩৪ জন। নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা ৯ হাজার ৯৮১। অর্থাৎ অধ্যাপকের সংখ্যা মোট শিক্ষকের তুলনায় কম, আর শিক্ষার্থীর অনুপাতে আরও কম।
বিভাগভিত্তিক চিত্রেও বড় ব্যবধান দেখা যায়। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে সর্বোচ্চ ১০ জন অধ্যাপক আছেন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে আছেন ৯ জন। সংগীত এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে অধ্যাপক রয়েছেন ছয়জন করে। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ও অর্থনীতি বিভাগে তিনজন করে এবং ইংরেজি ভাষা ও সাহিত্য ও চারুকলা বিভাগে দুজন করে অধ্যাপক কর্মরত। এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে অধ্যাপক আছেন একজন করে।
অধ্যাপকশূন্য ১৩টি বিভাগ হলো স্থানীয় সরকার ও নগর উন্নয়ন, সমাজবিজ্ঞান, মার্কেটিং, পপুলেশন সায়েন্স, নৃবিজ্ঞান, আইন ও বিচার, ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ, পরিসংখ্যান ও ডেটা সায়েন্স, লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা, ব্যবস্থাপনা, দর্শন, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ এবং ইতিহাস।
অধ্যাপকের অনুপস্থিতি শিক্ষার্থীদের একাডেমিক অভিজ্ঞতা ও গবেষণার সুযোগকে প্রভাবিত করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মহসিন হক শাহ বলেন, অধ্যাপকরা অভিজ্ঞ ও প্রবীণ শিক্ষক, তাঁদের জ্ঞানের পরিধি বিস্তৃত এবং তাঁরা জটিল বিষয়ও সহজভাবে বুঝিয়ে দিতে পারেন। তাঁদের সান্নিধ্যে শিক্ষার্থীরা গবেষণায় বিশেষ দিকনির্দেশনা পান। বিভাগে অধ্যাপক না থাকায় তাঁরা এসব সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানান।
প্রায় এক দশক আগে প্রতিষ্ঠিত ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে এত বছরেও কোনো অধ্যাপক নিয়োগ হয়নি। বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, অধ্যাপক পদটি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কাঠামোর গুরুত্বপূর্ণ ভিত্তি। গবেষণা ও শিক্ষাকার্যক্রমের পূর্ণাঙ্গ বাস্তবায়নে এ পদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, অধ্যাপক পদে নিয়োগ বা পদোন্নতির ক্ষেত্রে যথাযথ গবেষণা ও অভিজ্ঞতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।
নিয়োগ প্রক্রিয়া নিয়ে রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান জানান, অধ্যাপক নিয়োগের জন্য এ পর্যন্ত চারটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কিন্তু প্রতিবারই যোগ্য প্রার্থী মেলেনি। অধ্যাপক পদের জন্য নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত পূরণ করতে হয়, কিন্তু সেসব যোগ্যতা পূরণকারী প্রার্থীরা আবেদন না করায় নিয়োগ সম্পন্ন করা যায়নি।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, অধ্যাপক নিয়োগের জন্য আগেও সার্কুলার দেওয়া হয়েছিল, এখন নতুন করে আবার দেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, ভৌগোলিক অবস্থানের কারণে ঢাকা বা অন্যান্য বড় শহর থেকে অনেক শিক্ষক এখানে যোগ দিতে আগ্রহী হন না। তবু অধ্যাপকের সংখ্যা বাড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রশাসনের ব্যাখ্যা অনুযায়ী, সংকটের মূল কারণ যোগ্য প্রার্থীর অভাব ও অবস্থানগত অনাগ্রহ। তবে প্রায় দুই দশকেও অর্ধেকের বেশি বিভাগে অধ্যাপক না থাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মান ও গবেষণা সক্ষমতার জন্য উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দ্রুত নিয়োগ নিশ্চিত করা না গেলে শিক্ষার্থীদের এই বঞ্চনা আরও দীর্ঘায়িত হতে পারে।

