মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর নিরাপত্তা বাহিনীর হত্যাকাণ্ড, ধর্ষণ, নির্যাতন ও গ্রাম ধ্বংসের ঘটনাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার গাম্বিয়ার দায়ের করা মামলায় দেওয়া এই রায়কে রোহিঙ্গাদের ন্যায়বিচারের দীর্ঘ লড়াইয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে এই রায় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার পথ কতটা সহজ করবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর দমন-পীড়নের মুখে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। বর্তমানে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ১২ লাখ বসবাস করছেন বাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন শরণার্থীশিবিরে।
২০১৭ সালের আগস্টে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) প্রায় ৩০টি পুলিশ ফাঁড়ি ও একটি সেনাঘাঁটিতে হামলা চালানোর পর মিয়ানমারের সেনাবাহিনী ব্যাপক সামরিক অভিযান শুরু করে। ওই অভিযানে রোহিঙ্গাদের ওপর হত্যাকাণ্ড, গণধর্ষণ, নির্যাতন এবং শত শত গ্রাম পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে এসব ঘটনার ভয়াবহতা উঠে এসেছে। তবে মিয়ানমার সরকার বরাবরই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, তাদের অভিযান ছিল সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে।
২০১৯ সালে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলা করে। ২০২০ সালের জানুয়ারিতে আদালত মিয়ানমারকে রোহিঙ্গাদের সুরক্ষা দেওয়া, সম্ভাব্য গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সংশ্লিষ্ট প্রমাণ সংরক্ষণের নির্দেশ দিয়েছিলেন। সর্বশেষ রায় সেই আইনি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। তবে আইসিজের রায় রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক হলেও আদালতের নিজস্বভাবে তা কার্যকর করার ক্ষমতা সীমিত। এ ছাড়া আদালত ব্যক্তিবিশেষকে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত বা গ্রেপ্তারের নির্দেশ দিতে পারেন না।
এদিকে ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিন অং হ্লেইংয়ের নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর মিয়ানমারে গৃহযুদ্ধ শুরু হয়। দেশজুড়ে সংঘাতে প্রায় এক লাখ মানুষ নিহত এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ২০২৩ সালের নভেম্বর থেকে রাখাইন রাজ্যে সামরিক জান্তা ও আরাকান আর্মির মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। এতে আবারও বহু রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন। ২০২৪ সালের মে মাসে রোহিঙ্গা অধ্যুষিত বুথিডংয়ের বিস্তীর্ণ এলাকায় অগ্নিসংযোগের ঘটনাও পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।
রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সবচেয়ে বড় বাধা এখন রাখাইনের নিরাপত্তাহীনতা। আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর মতে, চলমান সংঘাতের মধ্যে শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছায় ফিরে যাওয়ার মতো পরিবেশ তৈরি হয়নি। মিয়ানমার গত আগস্টে জানিয়েছিল, বাংলাদেশের শরণার্থীশিবিরে বসবাসরত ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই করা হয়েছে। তবে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রত্যাবাসন শুরু করা সম্ভব নয় বলে দেশটি জানিয়েছে।
অন্যদিকে রোহিঙ্গাদের একটি বড় অংশ স্পষ্ট করে জানিয়েছে, পূর্ণ নাগরিকত্ব, মৌলিক অধিকার ও মর্যাদা নিশ্চিত না হলে তারা মিয়ানমারে ফিরে যেতে চান না। দীর্ঘদিন ধরে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী হিসেবে বিবেচনা করে আসছে। দেশটিতে প্রজন্মের পর প্রজন্ম বসবাস করেও এই জনগোষ্ঠীর বড় অংশ নাগরিকত্ব ও রাষ্ট্রীয় স্বীকৃতি থেকে বঞ্চিত।
এর আগে ২০১৮ ও ২০১৯ সালে দুই দফা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও কোনো রোহিঙ্গা নিজ দেশে ফিরতে রাজি হননি। কারণ, তাঁদের নিরাপত্তা, নাগরিকত্ব ও অধিকার নিশ্চিত করার বিষয়ে কার্যকর নিশ্চয়তা পাওয়া যায়নি।
সব মিলিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের রায় রোহিঙ্গাদের ন্যায়বিচারের পথে একটি বড় অর্জন হলেও তাৎক্ষণিকভাবে প্রত্যাবাসনের নিশ্চয়তা দিচ্ছে না। রাখাইনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিত করা, নাগরিকত্বের অধিকার ফিরিয়ে দেওয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর চাপ সৃষ্টি না হলে রোহিঙ্গাদের দীর্ঘদিনের অপেক্ষা শেষ হওয়ার সম্ভাবনা কম।

