বাংলাদেশ যদি কর ও জ্বালানি খাতে ব্যাপক কাঠামোগত সংস্কার বাস্তবায়ন করতে পারে, তাহলে ২০২৭ থেকে ২০৩৫ অর্থবছর পর্যন্ত দেশের গড় বার্ষিক প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছাতে পারে। আর সীমিত সংস্কারের পথে হাঁটলে প্রবৃদ্ধি ৪.২ শতাংশেই আটকে থাকবে বলে প্রাক্কলন করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, রাজস্ব আহরণের দুর্বলতা, বাড়তে থাকা সুদ পরিশোধ এবং বিদ্যুৎ-জ্বালানি খাতের ভর্তুকিই এখন সরকারের উন্নয়ন ও সামাজিক ব্যয়ের সক্ষমতার প্রধান অন্তরায়।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্বব্যাংক ও গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) যৌথ উদ্যোগে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ: ফিসক্যাল রিফর্মস ফর গ্রোথ, ইনভেস্টমেন্ট, অ্যান্ড জবস’ শীর্ষক এই প্রতিবেদনেই সংস্কার-সংক্রান্ত সুপারিশ ও পূর্বাভাস তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনের পূর্বাভাস অনুযায়ী, প্রস্তাবিত সংস্কার বাস্তবায়িত হলে ২০৩৪-৩৫ অর্থবছর নাগাদ মোট রাজস্ব-জিডিপি অনুপাত বর্তমানের ৮ শতাংশ থেকে বেড়ে ১৪.৪ শতাংশে উঠতে পারে। এর মধ্যে কর-জিডিপি অনুপাত ৬.৮ শতাংশ থেকে বেড়ে হতে পারে ১২.৬ শতাংশ। এতে উন্নয়ন ও সামাজিক খাতে খরচ করার মতো সরকারি আর্থিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। উল্টো দিকে, সীমিত সংস্কারে ওই অর্থবছরে মোট রাজস্ব-জিডিপি অনুপাত থাকবে ১০ শতাংশ এবং কর-জিডিপি অনুপাত ৯.১ শতাংশ।
বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশের কর আহরণ আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় অনেক পিছিয়ে। উন্নয়নশীল অর্থনীতির জন্য ন্যূনতম ১৫ শতাংশ কর-জিডিপি অনুপাত প্রয়োজন ধরা হলেও ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে তা ছিল মাত্র ৬.৮ শতাংশ। গত এক দশকে গড় কর-জিডিপি অনুপাত ছিল ৭.৪ শতাংশ। করোনার কারণে ২০১৯-২০ অর্থবছরকে এই হিসাবের বাইরে রাখা হয়েছে। একই সময়ে মোট রাজস্ব ছিল জিডিপির মাত্র ৮ শতাংশ, যা অন্য উন্নয়নশীল দেশগুলোর অর্ধেকেরও কম।
সংস্থাটির বিশ্লেষণে, এই দুর্বলতার পেছনে শুধু অর্থনৈতিক পরিস্থিতি দায়ী নয়। করনীতির কাঠামোগত ত্রুটি, করের সংকীর্ণ ভিত্তি, প্রশাসনিক অদক্ষতা, কর পরিপালনে ঘাটতি এবং ব্যাপক কর অব্যাহতিও বড় ভূমিকা রাখছে। বর্তমানে মোট রাজস্বের প্রায় ৭০ শতাংশ আসে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও অন্যান্য পরোক্ষ কর থেকে। আয়করসহ প্রত্যক্ষ করের অবদান মাত্র ২৬ থেকে ২৯ শতাংশ। বাংলাদেশের মতো আয়ের একটি দেশের জন্য এই কাঠামো অস্বাভাবিক বলে মনে করে বিশ্বব্যাংক।
ভ্যাট আদায়ের ঘাটতিও উদ্বেগজনক। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১-২২ অর্থবছরে সম্ভাব্য ভ্যাট আর প্রকৃত আদায়ের ব্যবধান ছিল সাড়ে চার লাখ কোটি টাকা। এটি ওই বছরের প্রকৃত ভ্যাট আদায়ের তিন গুণেরও বেশি। ব্যক্তিপর্যায়ে মাত্র প্রায় ৭ শতাংশ মানুষের করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) আছে। তাঁদের মধ্যেও ৪০ শতাংশের কম ব্যক্তিগত আয়কর দেন। করপোরেট আয়করের বড় অংশ আসে টেলিযোগাযোগ, তামাক ও ব্যাংকিং খাতের হাতে গোনা কিছু প্রতিষ্ঠান থেকে।
কর অব্যাহতি ও প্রণোদনার বিষয়টিও প্রতিবেদনে গুরুত্ব পেয়েছে। ২০২১-২২ অর্থবছরে এসব সুবিধার আর্থিক মূল্য ছিল জিডিপির ৬.৯ শতাংশ, যা ওই বছরের মোট কর রাজস্বের প্রায় সমান। প্রতিবেদনে বলা হয়েছে, এর অনেক সুবিধাই সংসদীয় তদারকি ছাড়া বিভিন্ন সময়ে বিশেষ আদেশে দেওয়া হয়েছে। এতে কর ব্যবস্থায় বৈষম্য ও নীতিগত অনিশ্চয়তা তৈরি হচ্ছে। বিনিয়োগ ও কর্মসংস্থানে যেসব সুবিধার প্রভাব সীমিত, সেগুলো ধাপে ধাপে তুলে নেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।
সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতির কথাও এসেছে প্রতিবেদনে। জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক অনিশ্চয়তা কমায় ২০২৫-২৬ অর্থবছরে জোরালো প্রবৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু জ্বালানি সংকট, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব, উচ্চ মূল্যস্ফীতি এবং বেসরকারি খাতের স্থবিরতা সেই পুনরুদ্ধারকে আটকে রেখেছে।
জ্বালানি খাতের ভর্তুকিকে সরকারি অর্থের ওপর বড় চাপ হিসেবে দেখছে বিশ্বব্যাংক। বিদ্যুৎ ও গ্যাস খাতে ভর্তুকি ২০১৭-১৮ অর্থবছরের ৭২ বিলিয়ন টাকা থেকে বেড়ে ২০২৪-২৫ অর্থবছরে ৮৩৬ বিলিয়ন টাকায় পৌঁছেছে। সংশোধিত হিসাবে এর ৭১ শতাংশ, অর্থাৎ ৫৯৬ বিলিয়ন টাকা গেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) জন্য। এর মধ্যে অতীতের বকেয়া পরিশোধও রয়েছে। ২০২০-২১ থেকে ২০২৪-২৫ অর্থবছরের মধ্যে এই ভর্তুকি জিডিপির ০.৪ শতাংশ থেকে বেড়ে ১.৫ শতাংশ হয়েছে।
সংস্থাটির ব্যাখ্যা, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লেও সঞ্চালন ও বিতরণ অবকাঠামো সেই অনুপাতে উন্নত হয়নি। উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্যের ব্যবধান, গ্যাস সংকট, পুরোনো বিদ্যুৎকেন্দ্র এবং অতিরিক্ত সক্ষমতার কারণে ভর্তুকির চাপ বাড়ছে। বিদ্যুৎকেন্দ্র প্রস্তুত রাখার জন্য নির্ধারিত অর্থ পরিশোধও এই চাপ বাড়িয়েছে।
সমাধান হিসেবে বিদ্যুতের মূল্য নির্ধারণে ব্যয়-সামঞ্জস্যপূর্ণ ও স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর সুপারিশ করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) স্বাধীনতা ও সক্ষমতা বাড়ানো এবং গ্যাসের দাম নিয়মিত পর্যালোচনার কথাও বলা হয়েছে। এ ছাড়া অদক্ষ উৎপাদন সক্ষমতা কমানো, বিদ্যুৎকেন্দ্রের চুক্তি নতুন করে মূল্যায়ন এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।
ভর্তুকি কমাতে গিয়ে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়েও সতর্ক করেছে সংস্থাটি। সাধারণ ভর্তুকির বদলে লক্ষ্যভিত্তিক নগদ সহায়তা, ফ্যামিলি কার্ড কর্মসূচি এবং ডায়নামিক সোশ্যাল রেজিস্ট্রি আরও কার্যকর করার সুপারিশ করা হয়েছে।
কর প্রশাসনের ক্ষেত্রে বিশ্বব্যাংকের পরামর্শ, করনীতি প্রণয়ন ও কর প্রশাসনের দায়িত্ব আলাদা করার উদ্যোগ আবার কার্যকর করা। এর জন্য প্রয়োজনীয় আইন নতুন করে সংসদে তুলতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রশাসনিক সক্ষমতা বাড়ানো এবং আয়কর, ভ্যাট ও কাস্টমসের মধ্যে তথ্য আদান-প্রদান ও সমন্বয় জোরদার করার কথাও বলা হয়েছে। সব করদাতার জন্য সমন্বিত টিআইএন চালু, ডিজিটাল রিটার্ন দাখিল সম্প্রসারণ এবং ঝুঁকিভিত্তিক অডিট কার্যকর করার সুপারিশও আছে। ভ্যাটের সাধারণ হার ১৫ শতাংশে একীভূত করা, ইনপুট ট্যাক্স ক্রেডিট পুরোপুরি চালু করা এবং দরিদ্র ৪০ শতাংশ পরিবারের ভোগ করা মৌলিক খাদ্য ও সেবার বাইরে ভ্যাট অব্যাহতি সীমিত করার কথাও বলা হয়েছে।
মধ্যমেয়াদে কর কাঠামো সহজ করা, সম্পত্তি করের পরিধি বাড়ানো এবং কর অব্যাহতি পর্যালোচনার প্রস্তাব দিয়েছে বিশ্বব্যাংক। রপ্তানি ও প্রবাসী আয়ে দেওয়া প্রণোদনা ধাপে ধাপে প্রত্যাহারের কথাও এসেছে। পাশাপাশি সরকারি বিনিয়োগ প্রকল্পের মূল্যায়ন, অগ্রাধিকার নির্ধারণ, ক্রয়প্রক্রিয়া ও বাস্তবায়ন ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।
সংস্কারের সম্ভাব্য ফল নিয়েও হিসাব দিয়েছে সংস্থাটি। রাজস্ব বাড়ানোর পাশাপাশি জ্বালানি ও কৃষি ভর্তুকি কমিয়ে এবং রপ্তানি ও প্রবাসী আয়ের প্রণোদনা ধাপে ধাপে তুলে নিলে ২০৩৪-৩৫ অর্থবছরের মধ্যে জিডিপির ১.৪ শতাংশের সমপরিমাণ আর্থিক সাশ্রয় সম্ভব। সংস্কার হলে ওই অর্থবছরে সরকারি ব্যয় জিডিপির ১৮ শতাংশে উঠতে পারে, যার মধ্যে মূলধনী ব্যয় ৬ শতাংশ। ভর্তুকি নামতে পারে জিডিপির ১ শতাংশে এবং বাজেট ঘাটতি কমে দাঁড়াতে পারে ৩.৬ শতাংশে। সীমিত সংস্কারের ক্ষেত্রে সরকারি ব্যয় থাকবে জিডিপির ১৫ শতাংশ, মূলধনী ব্যয় সাড়ে ৪ শতাংশ আর বাজেট ঘাটতি ৫ শতাংশ। সংস্কারের ফলে অবকাঠামো, নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ ও নীতির পূর্বানুমানযোগ্যতা বাড়লে বেসরকারি বিনিয়োগও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমান চিত্র অবশ্য উদ্বেগজনক। রাজস্বের ধারাবাহিক দুর্বলতার কারণে সরকার উন্নয়ন ব্যয় কমিয়ে ঘাটতি সামলানোর চেষ্টা করছে। ২০২১-২২ অর্থবছরে মোট সরকারি ব্যয় ছিল জিডিপির ১৩ শতাংশ, যা ২০২৪-২৫ অর্থবছরে কমে ১১.৪ শতাংশে নেমেছে। এ সময়ে মূলধনী ব্যয় ৪.৯ শতাংশ থেকে কমে হয়েছে ২.৮ শতাংশ, যা উন্নয়নশীল দেশগুলোর প্রায় অর্ধেক। স্বাস্থ্যে সরকারি ব্যয় ছিল জিডিপির মাত্র ০.৩ শতাংশ, শিক্ষায় ১.৫ শতাংশ। সমপর্যায়ের দেশগুলোতে শিক্ষায় গড় ব্যয় ৩ শতাংশ।
সুদ পরিশোধের চাপও বাড়ছে। ২০১৩-১৪ অর্থবছরে সুদ পরিশোধে ব্যয় ছিল জিডিপির ১.৭ শতাংশ, ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে হয়েছে ২.৪ শতাংশ। আগামী অর্থবছরে এটি ২.৬ শতাংশে পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রতিবেদনে। সামাজিক সুরক্ষা খাতে ব্যয় ২০২২-২৩ অর্থবছরের জিডিপির ১.১ শতাংশ থেকে কমে ২০২৪-২৫ অর্থবছরে ০.৯ শতাংশে নেমেছে। বিস্তৃত সামাজিক খাতের হিসাবে এ খাতে ব্যয় ছিল জিডিপির ২.৮ শতাংশ। বিশ্বব্যাংকের মতে, বর্তমান মাথাপিছু আয় বিবেচনায় সরকারি ব্যয় জিডিপির অনুপাতে অন্তত ১০ শতাংশীয় পয়েন্ট বেশি হওয়া দরকার। এর মধ্যে শিক্ষা ও স্বাস্থ্যে প্রয়োজন অতিরিক্ত সাড়ে তিন থেকে চার শতাংশীয় পয়েন্ট।
তবে অর্থনীতিবিদদের কাছে মূল প্রশ্ন সুপারিশ নিয়ে নয়, বাস্তবায়ন নিয়ে। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা এম মাসরুর রিয়াজ বলেন, রাজস্ব সক্ষমতা যখন নানা চ্যালেঞ্জের মুখে, তখন প্রতিবেদনটি সরকারি অর্থব্যবস্থার গুরুত্বপূর্ণ দিকগুলো বিশ্লেষণ করেছে। তাঁর মতে, সরকারের রাজস্ব সক্ষমতা শক্তিশালী করা এখন অন্যতম প্রধান অগ্রাধিকার।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক মোস্তফা কে মুজেরী বলেন, এসব সুপারিশ নতুন নয়। দেশি অর্থনীতিবিদ, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও অন্য উন্নয়ন সহযোগীরা বারবার একই কথা বলেছেন। সরকারের নীতিমালা ও বাজেট বক্তৃতাতেও এসব অগ্রাধিকার বারবার এসেছে। তাঁর ভাষ্য, কী করতে হবে তা সবারই জানা। আসল চ্যালেঞ্জ হলো সেটি বাস্তবায়ন করা।
বিশ্বব্যাংকের সার্বিক মূল্যায়ন, প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে শুধু সরকারি ব্যয় বাড়ানো যথেষ্ট নয়। রাজস্ব আহরণ, ব্যয়ের দক্ষতা ও বিনিয়োগ পরিবেশে কাঠামোগত সংস্কার জরুরি। দ্রুত সংস্কার করা গেলে ঋণ ও সুদের চাপ কমবে, আর বেসরকারি বিনিয়োগ ও উৎপাদনশীল কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

