যুক্তরাষ্ট্রে ভিসা বা অবস্থানের অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও থেকে গেলে দেশটি থেকে বহিষ্কারের পাশাপাশি ভবিষ্যতে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আসতে পারে। এ বিষয়ে বাংলাদেশি নাগরিকদের নতুন করে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে দেওয়া এক বার্তায় দূতাবাস এই সতর্কতা জানায়। বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে থাকার জন্য নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশটি থেকে বের করে দেওয়া হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ঢোকার ক্ষেত্রে তিনি স্থায়ী নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারেন। অর্থাৎ মেয়াদ পেরিয়ে অবস্থানের পরিণতি শুধু ফেরত পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ নাও থাকতে পারে।
এর আগে গত ৯ নভেম্বরও যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়মকানুন মেনে চলার বিষয়ে আবেদনকারীদের সতর্ক করেছিল দূতাবাস। সেই বার্তায় বলা হয়েছিল, ভিজিটর ভিসার শর্ত যথাযথভাবে মানা হবে, এ বিষয়ে কনস্যুলার কর্মকর্তারা সন্তুষ্ট না হলে তাঁরা ভিসার আবেদন প্রত্যাখ্যান করতে পারেন।
দূতাবাস আরও জানায়, ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব আবেদনকারীর নিজের। তাই যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় ভিসার নির্ধারিত শর্ত ও অবস্থানের অনুমোদিত সময়সীমা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। দূতাবাসের পরপর দুটি সতর্কবার্তায় স্পষ্ট, ভিসার শর্ত লঙ্ঘনের বিষয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দিচ্ছে তারা। ফলে যাঁরা যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাঁদের জন্য ভিসার মেয়াদ ও শর্ত ভালোভাবে জেনে নেওয়াই নিরাপদ।

