Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ডয়চে ব্যাংকের নথি ফাঁসে এপস্টেইন-সংশ্লিষ্ট প্রায় ৬০০ মিলিয়ন ডলারের লেনদেনের তথ্য প্রকাশ
    আন্তর্জাতিক

    ডয়চে ব্যাংকের নথি ফাঁসে এপস্টেইন-সংশ্লিষ্ট প্রায় ৬০০ মিলিয়ন ডলারের লেনদেনের তথ্য প্রকাশ

    নিউজ ডেস্কনভেম্বর 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এফটি কর্তৃক প্রকাশিত ফাঁস হওয়া নথি অনুযায়ী, ডয়েচে ব্যাংক জেফরি এপস্টাইনকে বিপুল পরিমাণ অর্থ ঋণ দিয়েছিল। ছবি: এক্স স্ক্রিনশট
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফিন্যান্সিয়াল টাইমস

    ডয়চে ব্যাংকের ১ কোটি ৫০ লাখের বেশি অভ্যন্তরীণ নথি ফাঁসের পর জার্মান ব্যাংকটির অতীত কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এসব নথির ওপর ভিত্তি করে ফিন্যান্সিয়াল টাইমসসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে জেফরি এপস্টেইন-সংশ্লিষ্ট প্রায় ৬০০ মিলিয়ন ডলারের সন্দেহজনক লেনদেনের তথ্য।

    ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকটির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বিভাগ ২০১৯ সালে এপস্টেইন-সংশ্লিষ্ট প্রায় ৩ হাজার ২০০টি লেনদেন নিয়ে ২১টি ‘সাসপিশাস অ্যাক্টিভিটি রিপোর্ট’ বা সন্দেহজনক কার্যক্রমের প্রতিবেদন তৈরি করেছিল। এসব লেনদেনের মোট মূল্য ছিল প্রায় ৫৮২ মিলিয়ন ডলার।

    ফাঁস হওয়া নথিতে নারীদের অর্থ প্রদান, দাতব্য তহবিলের সম্ভাব্য অপব্যবহার এবং ধনী ব্যক্তিদের কাছ থেকে এপস্টেইনের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে অর্থ স্থানান্তরের তথ্য রয়েছে। এর মধ্যে অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্টের সহপ্রতিষ্ঠাতা লিওন ব্ল্যাক এবং হেজ ফান্ড ধনকুবের গ্লেন ডুবিনের নামও এসেছে বলে জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস।

    আগে জানা অঙ্কের চেয়েও বড় পরিসর

    যুক্তরাষ্ট্রের সিনেটর রন ওয়াইডেনের কার্যালয় আগস্টে প্রকাশিত এক প্রতিবেদনে ডয়চে ব্যাংকসহ কয়েকটি বড় আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এপস্টেইনের সন্দেহজনক আর্থিক কার্যক্রম যথাসময়ে কর্তৃপক্ষকে না জানানোর অভিযোগ তুলেছিল।

    সিনেটের ওই তদন্তে বলা হয়, ২০১৩ সালে জেপি মরগ্যান ছাড়ার পর এপস্টেইন ডয়চে ব্যাংকের বড় গ্রাহক হন এবং ২০১৯ সাল পর্যন্ত ব্যাংকটির সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। তদন্তকারীরা অভিযোগ করেন, বিভিন্ন ব্যাংক তাঁর হাজার হাজার সন্দেহজনক লেনদেন সময়মতো মার্কিন ট্রেজারি বিভাগকে জানায়নি।

    তবে নতুন ফাঁস হওয়া নথিতে এপস্টেইন-সংশ্লিষ্ট লেনদেনের পরিমাণ আগের প্রকাশিত হিসাবের তুলনায় আরও বড় বলে দেখা যাচ্ছে।

    ডয়চে ব্যাংক ২০১৩ সালে এপস্টেইনকে গ্রাহক হিসেবে গ্রহণ করেছিল, যদিও তিনি এর আগেই যৌন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন। পরে ২০১৮ সালে ব্যাংকটি তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। ব্যাংকটি জানিয়েছে, এ সম্পর্কের জন্য তারা অনুতপ্ত এবং পরবর্তী সময়ে অর্থপাচারবিরোধী ও কমপ্লায়েন্স ব্যবস্থা শক্তিশালী করেছে।

    ট্রাম্প-সংশ্লিষ্ট লেনদেন নিয়েও নতুন তথ্য

    ফাঁস হওয়া একই নথির ওপর ভিত্তি করে ফরাসি সংবাদমাধ্যম ল্য মঁদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে আজারবাইজানের সন্দেহজনক আর্থিক নেটওয়ার্কের কিছু লেনদেনের সংযোগ পাওয়ার দাবি করেছে।

    ল্য মঁদের অনুসন্ধানে বলা হয়, ২০১৫ সালে বাকুতে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ার প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানে এমন অর্থ স্থানান্তরের চেষ্টা হয়েছিল, যার উৎস ছিল তথাকথিত ‘আজারবাইজানি লন্ড্রোম্যাট’-এর সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান।

    একটি ঘটনায় ১ লাখ ৪১ হাজার ২৬১ দশমিক ৮২ ডলার DT Marks Baku LLC-তে পাঠানোর চেষ্টা করা হয়। ল্য মঁদের তথ্যমতে, একই অঙ্কের অর্থ মাত্র দুই সপ্তাহের মধ্যে চারটি ভিন্ন ব্যাংক হিসাবের মধ্যে ঘুরেছে এবং তিনটি ভিন্ন কারণ দেখানো হয়েছে।

    সংবাদমাধ্যমটি বলেছে, এ ধরনের অর্থপ্রবাহ অর্থের উৎস আড়াল করার প্রচলিত পদ্ধতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তবে প্রতিবেদনে এটিও উল্লেখ করা হয়েছে, ট্রাম্পকে নিজে ওই সন্দেহজনক লেনদেনের ‘সন্দেহভাজন’ হিসেবে চিহ্নিত করা হয়নি। ট্রাম্প অর্গানাইজেশন এ বিষয়ে প্রশ্নের জবাব দেয়নি বলে জানিয়েছে ল্য মঁদ।

    রুশ ধনকুবেরদের নিয়েও উপেক্ষিত সতর্কতার অভিযোগ

    ফাঁস হওয়া নথিতে রাশিয়ার প্রভাবশালী ধনকুবেরদের সঙ্গে ডয়চে ব্যাংকের সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠেছে।

    আন্তর্জাতিক অনুসন্ধানে দাবি করা হয়েছে, ব্যাংকের অভ্যন্তরে ঝুঁকির বিষয়ে সতর্কতা থাকা সত্ত্বেও কয়েকজন রুশ ধনকুবেরের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখা হয়েছিল। তাঁদের মধ্যে ওলেগ দেরিপাস্কার নামও রয়েছে।

    অভ্যন্তরীণ নথিতে দেরিপাস্কার বিরুদ্ধে অর্থপাচার, কর ফাঁকি ও সংগঠিত অপরাধের সঙ্গে সম্পর্কের মতো বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ ছিল। এরপরও ব্যাংক তাঁকে একটি অভ্যন্তরীণ নথিতে ‘প্রতিষ্ঠিত ব্যবসায়িক অংশীদার’ হিসেবে বর্ণনা করেছিল বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

    ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করার পর পশ্চিমা নিষেধাজ্ঞা জোরদার হলে ডয়চে ব্যাংক রুশ গ্রাহকদের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন শুরু করে। এ সময় অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর মতো ব্যাংকটিও রাশিয়ায় কার্যক্রম কমাতে শুরু করে।

    ব্যাংকের দাবি – পুরোনো ঘটনা, নিয়ন্ত্রণ এখন আরও শক্ত

    ‘ইনসাইড ডয়চে ব্যাংক’ নামে আন্তর্জাতিক অনুসন্ধানটি ১ কোটি ৫০ লাখের বেশি নথির ওপর ভিত্তি করে তৈরি। এতে ২৩০ জনের বেশি সাংবাদিক এবং ৫০টিরও বেশি সংবাদমাধ্যম অংশ নেয়। ফাঁস হওয়া নথিগুলোর মধ্যে ই-মেইল, গ্রাহকসংক্রান্ত নথি, অভ্যন্তরীণ পর্যালোচনা এবং সন্দেহজনক লেনদেনের প্রতিবেদন রয়েছে।

    প্রতিবেদনগুলো প্রকাশের পর ডয়চে ব্যাংক বলেছে, আলোচিত ঘটনাগুলোর বেশিরভাগই বহু বছর আগের এবং সেগুলো সংশ্লিষ্ট সময়ে পর্যালোচনা করা হয়েছিল। ব্যাংকটির দাবি, ২০১৯ সালের পর থেকে নিয়ন্ত্রণ, ঝুঁকি ব্যবস্থাপনা এবং অর্থপাচার প্রতিরোধ ব্যবস্থায় প্রায় ৭ বিলিয়ন ইউরো বিনিয়োগ করা হয়েছে।

    তবে নতুন করে ফাঁস হওয়া নথিগুলো দেখাচ্ছে, এপস্টেইন থেকে শুরু করে রুশ ধনকুবের ও উচ্চঝুঁকির অন্যান্য গ্রাহকের ক্ষেত্রে ব্যাংকের অভ্যন্তরীণ সতর্কতা এবং বাস্তব ব্যবসায়িক সিদ্ধান্তের মধ্যে দীর্ঘদিন ধরেই বড় ফারাক ছিল বলে অনুসন্ধানী সাংবাদিকদের দাবি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    তাজমহল ও নিজামুদ্দিন আউলিয়ার দরগা দেখার ইচ্ছা পাকিস্তানের মন্ত্রীর, অনুমতি দিল না নয়াদিল্লি

    নভেম্বর 21, 2026
    অর্থনীতি

    দেশে-বিদেশে সোনার দাম এত দ্রুত কমছে কেন, আরও কমবে কি

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    মণিপুরে বিষাক্ত মদে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮০ জনের বেশি

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.