তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১) কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। ২০০৯ সালে কোপেনহেগেন সম্মেলনের পর এই প্রথম কোনো জলবায়ু সম্মেলন সর্বসম্মত দলিল ছাড়া শেষ হলো। তবে এই অচলাবস্থার মধ্যেও বাংলাদেশ বৈশ্বিক তহবিল থেকে প্রায় ১ হাজার ৫৫ কোটি টাকার অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বলে জানিয়েছে সরকার।
সরকারের তথ্য অনুযায়ী, এই অর্থ আসবে দুটি উৎস থেকে। গ্লোবাল শিল্ড থেকে অন্তত ৫ কোটি ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮২ কোটি টাকা। বাকি অংশ আসবে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড বা সিআইএফ থেকে। সেখান থেকে মিলবে ৩ কোটি ডলার, যার মূল্য প্রায় ৩৭৩ কোটি টাকা। অর্থাৎ অনুদানের বড় অংশই আসছে গ্লোবাল শিল্ড থেকে।
প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেন, কোনো অঙ্গীকার ও সিদ্ধান্ত ছাড়া সম্মেলন শেষ হওয়ায় ক্ষতিগ্রস্ত দেশগুলো হতাশ হয়েছে। তবে সেই হতাশার মধ্যেও বাংলাদেশ বৈশ্বিক তহবিল থেকে এই প্রতিশ্রুতি আদায় করতে পেরেছে।
সাইমুম পারভেজ জানান, সম্মেলনে বাংলাদেশ মোট ৪০টি পার্শ্ব আয়োজন করেছে। এসব অনুষ্ঠানে বিভিন্ন দেশের জলবায়ুকর্মী ও প্রতিনিধিরা অংশ নেন। এর পাশাপাশি গ্লোবাল ম্যানগ্রোভ অ্যালায়েন্সের সঙ্গেও বাংলাদেশের যোগাযোগ হয়েছে। সংস্থাটির তহবিলের বড় অংশ এখন পায় ইন্দোনেশিয়া। বাংলাদেশ কীভাবে সেই তহবিলে প্রবেশাধিকার পেতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে।
গত ১২ নভেম্বর সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জ্ঞান ও প্রযুক্তি হস্তান্তরের ওপর জোর দেন। জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ রাখার পক্ষেও অবস্থান তুলে ধরেন। ঋণের বদলে অনুদাননির্ভর সহায়তার আহ্বানও জানান তিনি। গত ৯ নভেম্বর শুরু হওয়া এই সম্মেলন প্রায় ২০০ দেশের অংশগ্রহণে ২২ নভেম্বর শেষ হয়।
সম্মেলনে অংশ নেওয়া স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার মনে করেন, মূল ঘোষণাপত্রে জীবাশ্ম জ্বালানি বর্জন এবং ১২০ বিলিয়ন ডলারের বৈশ্বিক অভিযোজন লক্ষ্যমাত্রা নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। তবু দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতিতে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। তাঁর মতে, প্যারিস চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদের আওতায় কার্বন বাণিজ্য নিয়ে সিঙ্গাপুরের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশ গ্লোবাল রুফটপ সোলার ডিক্লারেশনে সমর্থনও জানিয়েছে এবং ম্যানগ্রোভ সংরক্ষণ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে।
অন্যদিকে সম্মেলনের ফলাফল নিয়ে তীব্র হতাশা প্রকাশ করেছেন নাগরিক সংগঠনের প্রতিনিধিরা। বেসরকারি সংস্থা ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান বলেন, ইউরোপীয় ইউনিয়ন জীবাশ্ম জ্বালানি কমানোর পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু ক্ষতিগ্রস্ত দেশগুলোর জ্বালানি রূপান্তরে কত অর্থ দেবে, তা স্পষ্ট করেনি। অভিযোজন ও ন্যায্য রূপান্তরে অর্থায়নে তাদের অনীহাকে তিনি স্ববিরোধী আচরণ বলে মন্তব্য করেন। তাঁর ভাষায়, এটি সবচেয়ে হতাশাজনক জলবায়ু সম্মেলনগুলোর একটি।
সোহানুর রহমান আরও বলেন, উপকূলের লবণাক্ত এলাকায় নিরাপদ পানির ব্যবস্থায় কত অনুদান মিলবে, তা জানা জরুরি। একইভাবে কোনো কারখানা পরিচ্ছন্ন জ্বালানিতে গেলে শ্রমিকের আয় সুরক্ষা ও প্রশিক্ষণের খরচ কে বহন করবে, সে প্রশ্নেরও উত্তর চাওয়া উচিত। এসব বিষয়ে ইউরোপীয় ইউনিয়নসহ উন্নত দেশগুলোর কাছে জবাবদিহি দাবি করা দরকার বলে তিনি মনে করেন।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঐতিহাসিক দায় শিল্পোন্নত দেশগুলো এড়াতে পারে না। পাশাপাশি ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের মতো দেশ এবং সৌদি আরব ও কুয়েতের মতো তেল রপ্তানিকারকদেরও নিজেদের কার্বন নিঃসরণ ও আর্থিক সামর্থ্য অনুযায়ী ক্ষয়ক্ষতি মোকাবিলায় অবদান রাখতে হবে।
অর্থায়নের লক্ষ্য নিয়ে আলোচনার ধারাবাহিকতাও এবার হোঁচট খেয়েছে। ২০২৪ সালে আজারবাইজানের বাকুতে কপ২৯-এ ঠিক হয়েছিল, ২০৩৫ সালের মধ্যে উন্নত দেশগুলোর নেতৃত্বে বিভিন্ন উৎস থেকে উন্নয়নশীল দেশের জন্য বছরে অন্তত ৩০ হাজার কোটি ডলার জোগাড় করা হবে। পরের বছর ব্রাজিলের বেলেমে কপ৩০-এ ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন অন্তত তিন গুণ করার প্রচেষ্টা জোরদারের আহ্বান জানানো হয়। এবারের সম্মেলনের একটি খসড়ায় অভিযোজনের জন্য বছরে ১২ হাজার কোটি ডলারের লক্ষ্য উল্লেখ ছিল। কিন্তু ২০ নভেম্বর রয়টার্সের খবর অনুযায়ী, সংশোধিত খসড়ায় সেই অঙ্ক আর রাখা হয়নি।
ফলে জীবাশ্ম জ্বালানি কমানো, অভিযোজন অর্থায়ন ও ক্ষয়ক্ষতি তহবিল নিয়ে পথনকশার যে আশা ক্ষতিগ্রস্ত দেশগুলো করেছিল, তা পূরণ হয়নি। এই বাস্তবতায় বাংলাদেশের পাওয়া ১ হাজার ৫৫ কোটি টাকার প্রতিশ্রুতি আপাতত কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হলেও এটি প্রতিশ্রুতির পর্যায়েই রয়েছে। অর্থ কবে ও কোন শর্তে হাতে আসবে, তার ওপরই নির্ভর করবে এর প্রকৃত মূল্য।

