ভারতে দুই বছরের বেশি সময় ধরে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে দেশে ফিরতে চান। এ জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে তাঁকে দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে আনার ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর এবারই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের বিজয়ের দিন ১৬ ডিসেম্বরকে তিনি দেশে ফেরার জন্য বেছে নিয়েছেন বলে জানিয়েছেন তাঁর মুখপাত্র।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও প্রয়োজনীয় ভ্রমণ নথি চেয়েছিলেন শেখ হাসিনা। দেশ ছাড়ার কয়েক মাস পর তাঁর এসব নথি বাতিল করা হয়েছিল। এবার ভ্রমণ নথির পাশাপাশি দেশে ফেরার জন্য উড়োজাহাজের ব্যবস্থা করতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এক বিবৃতিতে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য সরকারের কাছে বিমান পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।
মোজাম্মেল আলীর দাবি, শেখ হাসিনাকে সংবিধানবহির্ভূতভাবে নির্বাসনে পাঠানো হয়েছিল। সে কারণে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর দেশে ফেরার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
তবে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা এবং উড়োজাহাজের ব্যবস্থা করার অনুরোধের বিষয়ে বাংলাদেশ সরকারের একজন মুখপাত্রের কাছে জানতে চেয়েছিল রয়টার্স। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাঁর কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী রয়টার্সকে জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাঁকে ফিরিয়ে আনতে ভারতে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানিয়েছিলেন ওই মন্ত্রী।
রয়টার্স জানিয়েছে, শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এমন পরিস্থিতিতে তাঁর দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণায় রাজনৈতিক ও আইনি উত্তেজনা বাড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে শেখ হাসিনার সরকারের পতনের আগে সংঘটিত আন্দোলন ও সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ জন পর্যন্ত নিহত হয়ে থাকতে পারেন।
ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে ভারতে অবস্থানরত শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে শেখ হাসিনার দেশে ফেরার জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথি কিংবা বিমান পরিবহনের ব্যবস্থা করা হবে কি না, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি।
সূত্র: রয়টার্স।

