সাপের কামড়ের চিকিৎসা উন্নত করা, দেশে অ্যান্টিভেনম উৎপাদনের সক্ষমতা গড়ে তোলা এবং মৃত্যু কমানোর লক্ষ্যে প্রায় ৪৪ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। এর আওতায় চট্টগ্রাম মেডিকেল কলেজে অবস্থিত ভেনম রিসার্চ সেন্টার বাংলাদেশকে আরও শক্তিশালী করা হবে এবং কেন্দ্রটিকে পূর্ণাঙ্গ জাতীয় ভেনম গবেষণা কেন্দ্রে উন্নীত করা হবে।
‘স্ট্রেংদেনিং অব ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ’ শীর্ষক এই প্রকল্পের মেয়াদ তিন বছর। ২০২৬ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত এটি বাস্তবায়ন করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করবে স্বাস্থ্য অধিদপ্তর। উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপি অনুযায়ী, সম্ভাব্য ব্যয় ৪৩ কোটি ৯৯ লাখ টাকা, যার পুরোটাই সরকার বহন করবে।
প্রকল্পের লক্ষ্য ২০২৯ সালের মধ্যে আধুনিক সরঞ্জামসমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর একটি জাতীয় ভেনম গবেষণা কেন্দ্র গড়ে তোলা। সেখানে আন্তর্জাতিক মান অনুসরণ করে সাপ পালন, বিষ সংগ্রহ, বিষের বিশ্লেষণ এবং বিষবিদ্যাসংক্রান্ত গবেষণা হবে। এর পাশাপাশি নিরাপদ, কার্যকর ও সাশ্রয়ী অ্যান্টিভেনম তৈরির উপযোগী পরীক্ষাগার স্থাপন, সাপের কামড় ও বিষক্রিয়ার চিকিৎসায় ক্লিনিক্যাল নির্দেশিকা প্রণয়ন, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং রোগভিত্তিক তথ্যভান্ডার তৈরির পরিকল্পনা রয়েছে।
সমস্যার ব্যাপকতা বোঝা যায় স্বাস্থ্য অধিদপ্তরের ২০২২ সালের দেশব্যাপী জরিপে। এতে দেখা গেছে, বাংলাদেশে প্রতিবছর আনুমানিক চার লাখ মানুষ সাপের কামড়ের শিকার হন। তাঁদের মধ্যে প্রায় ৭ হাজার ৫০০ জনের মৃত্যু হয়। আক্রান্তদের বড় অংশই ৩০ থেকে ৪০ বছর বয়সী কর্মক্ষম মানুষ। ফলে তাঁদের মৃত্যুতে অনেক পরিবার গুরুতর আর্থিক সংকটে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাপের কামড়ে বিষক্রিয়াকে বিশ্বের সবচেয়ে অবহেলিত গ্রীষ্মমণ্ডলীয় রোগগুলোর একটি হিসেবে স্বীকৃতি দিয়েছে।
ডিপিপিতে বর্তমান চিকিৎসাব্যবস্থার একটি বড় সীমাবদ্ধতা তুলে ধরা হয়েছে। দেশে এখন যে অ্যান্টিভেনম ব্যবহার হয়, তা ভারত থেকে আমদানি করা। এটি মূলত ভারতের প্রধান চারটি বিষধর সাপের, যেগুলো ‘বিগ ফোর’ নামে পরিচিত, বিষের বিপরীতে তৈরি। ফলে বাংলাদেশে পাওয়া যায় এমন বেশ কিছু বিষধর সাপের ক্ষেত্রে এটি পুরোপুরি কার্যকর নয়। এর কার্যকারিতা আনুমানিক ৪০ থেকে ৬০ শতাংশ। এ কারণেই দেশীয় সাপের বিষের বৈশিষ্ট্যের ভিত্তিতে স্থানীয়ভাবে অ্যান্টিভেনম তৈরির প্রয়োজন দেখা দিয়েছে।
ভেনম রিসার্চ সেন্টার বাংলাদেশের প্রধান গবেষক অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ বাসসকে জানান, ২০১৭-১৮ অর্থবছরে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির একটি প্রকল্পের আওতায় চট্টগ্রাম মেডিকেল কলেজে কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়। ২০২৪ সালে ওই কর্মসূচি এবং এর পরিচালন পরিকল্পনা বন্ধ হয়ে গেলে কেন্দ্রের কার্যক্রম চালু রাখা নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়। তিনি বলেন, নতুন অনুমোদিত প্রকল্পটি দেশের নিজস্ব বিষধর সাপের বিরুদ্ধে অ্যান্টিভেনম তৈরির পথ সুগম করবে। প্রকল্প পরিচালক নিয়োগের পর শিগগিরই কার্যক্রম শুরু হবে বলেও তিনি জানান।
বর্তমানে কেন্দ্রটিতে তিন হাজার বর্গফুট জায়গাজুড়ে একটি সর্পশালা, ইঁদুর প্রজনন কক্ষ, সাপের চিকিৎসাকেন্দ্র, কোয়ারেন্টাইন কক্ষ ও গবেষণাগার আছে। দেশের প্রায় সব ভৌগোলিক অঞ্চল থেকে সংগৃহীত ৩৭০টিরও বেশি সাপের নমুনা রয়েছে সেখানে। এর মধ্যে আছে গোখরা, কিং কোবরা, ক্রেইট বা কালাচজাতীয় সাপ, চন্দ্রবোড়া এবং সবুজ পিট ভাইপারজাতীয় সাপ। বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে বন্দি অবস্থায় থাকা ১১ প্রজাতির সাপ থেকে এ পর্যন্ত ১ হাজার ৫০৪ দশমিক ৭৮ গ্রাম বিষ সংগ্রহ করা হয়েছে। চন্দ্রবোড়ার বিষের বিরুদ্ধে অ্যান্টিভেনম তৈরিতেও কেন্দ্রটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। তবে পর্যাপ্ত অর্থের অভাবে সেই উদ্যোগ এখনো শেষ করা যায়নি।
প্রকল্পের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বেছে নেওয়ার কারণও ব্যাখ্যা করা হয়েছে। চট্টগ্রাম বিভাগের ভৌগোলিক ও পরিবেশগত বৈচিত্র্য এর একটি বড় কারণ। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি এবং উপকূলীয়, বনাঞ্চল ও গ্রামীণ এলাকায় সাপের কামড়ের ঝুঁকি বেশি। ভারত ও মিয়ানমারের কাছাকাছি অবস্থান এবং নানা প্রজাতির বিষধর সাপের উপস্থিতির কারণে অঞ্চলটি সাপ শনাক্ত, বিষ সংগ্রহ ও বিশ্লেষণ এবং বিষের গঠনে ভৌগোলিক পার্থক্য নিয়ে গবেষণার জন্য বিশেষভাবে উপযোগী।
প্রকল্পের আওতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রোটিন ল্যাবসহ বিভিন্ন গবেষণা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সমন্বিত গবেষণা, পশুচিকিৎসা সহায়তা, পরীক্ষাগারের সক্ষমতা বৃদ্ধি, জনবল প্রশিক্ষণ এবং প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হবে। দেশি-বিদেশি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বও কেন্দ্রের গবেষণার মান ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াবে বলে ডিপিপিতে উল্লেখ করা হয়েছে।
অধ্যাপক ঘোষ বলেন, প্রকল্প বাস্তবায়িত হলে কেন্দ্রটি সরীসৃপবিদ, প্রাণিবিজ্ঞানী এবং বিষ ও প্রোটিন নিয়ে কাজ করা বিজ্ঞানীদের জন্য বিশেষায়িত গবেষণাগার হিসেবে কাজ করবে। এ ধরনের গবেষণার জন্য প্রয়োজনীয় অবকাঠামো দেশে এখন নেই। কেন্দ্রের মূল কাজ হবে বিভিন্ন প্রজাতির সাপের বিষ সংগ্রহ, অ্যান্টিবডি তৈরি এবং তার কার্যকারিতা যাচাইয়ের গবেষণা। সংগৃহীত বিষ দেশের চাহিদা অনুযায়ী অ্যান্টিভেনম তৈরির মূল কাঁচামাল হিসেবেও ব্যবহার হবে। তাঁর মতে, কেন্দ্রটি প্রতিষ্ঠিত হলে ভবিষ্যতে অ্যান্টিভেনম আমদানির প্রয়োজন কমবে, এমনকি আমদানি পুরোপুরি বন্ধ করাও সম্ভব হতে পারে।
প্রকল্পটি ২০৩০ সালের মধ্যে সাপের কামড়ে মৃত্যু ৫০ শতাংশ কমানোর বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক কৌশলের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
প্রতিবছর হাজারো প্রাণহানির বিপরীতে আমদানিনির্ভর ও আংশিক কার্যকর অ্যান্টিভেনমের ওপর নির্ভরতা কমানো গেলে তা জনস্বাস্থ্যে বড় অগ্রগতি হবে। তবে প্রকল্পের সাফল্য নির্ভর করবে প্রকল্প পরিচালক নিয়োগ থেকে শুরু করে অর্থ ছাড় ও বাস্তবায়নের গতির ওপর।

