রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো, যাত্রীসেবার মান বাড়ানো এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে তিন হাজার আধুনিক বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আজ মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট ‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট’-এর আওতায় গণপরিবহন সংস্কার ও ‘গ্রস-কস্ট’ মডেল বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী জানান, ঢাকার গণপরিবহনের আধুনিকায়নে যেসব বৈদ্যুতিক বাস নামানো হবে, সেগুলো হবে যাত্রীবান্ধব, নিরাপদ, সাশ্রয়ী ও আরামদায়ক। উদ্যোগের প্রাথমিক পর্যায় সরকারি উদ্যোগে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মাধ্যমে শুরু হবে। একই সঙ্গে বেসরকারি বাস মালিকেরাও যাতে নতুন ব্যবস্থার আওতায় আসতে পারেন, সে জন্য সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে।
মন্ত্রী বলেন, গতানুগতিক ব্যবস্থার মধ্যে আটকে না থেকে গণপরিবহনে কাঠামোগত পরিবর্তন আনতে হবে। পুরো ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে বলেও তিনি জানান। এ ক্ষেত্রে বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে আছে বলে উল্লেখ করেন তিনি।
প্রস্তাবিত ব্যবস্থায় এখনকার রুট পারমিট পদ্ধতির বদলে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), বাস অপারেটর এবং যানবাহন সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির ভিত্তিতে বাস চলবে। ‘গ্রস-কস্ট’ মডেলে যাত্রীভাড়ার অর্থ কর্তৃপক্ষের মাধ্যমে সংগ্রহ করা হবে। নির্ধারিত মানদণ্ড অনুযায়ী বাস চালানোর বিপরীতে অপারেটরকে প্রতি কিলোমিটারে নির্দিষ্ট হারে অর্থ দেওয়া হবে। অর্থাৎ ভাড়া আদায়ের ওপর অপারেটরের আয় নির্ভর করবে না, বরং নির্ধারিত মানে সেবা দেওয়ার ওপর নির্ভর করবে। এতে সেবার মান, পরিচালনাগত শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করার সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. হাবিবুর রশিদ হাবিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. জিয়াউল হক এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে। এ ছাড়া বিশ্বব্যাংকের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন।
তিন হাজার বাস চালুর ঘোষণা গণপরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেও সভা থেকে এসব বাস কেনার ব্যয়, অর্থের উৎস, প্রথম ধাপে কতটি বাস নামবে এবং কোন কোন রুটে চলবে, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য জানা যায়নি। বেসরকারি মালিকেরা নতুন ব্যবস্থায় কতটা আগ্রহী হবেন এবং রুট পারমিট থেকে সরে আসার প্রক্রিয়া কত দ্রুত এগোয়, তার ওপরই নির্ভর করবে এই সংস্কারের সাফল্য।

