রোগীর সেবা যাঁর পেশা, সেই চিকিৎসক এবার হাত লাগালেন বিপন্ন এক নদের শুশ্রূষায়। যশোর শহরে কচুরিপানায় ঢাকা ভৈরব নদ পরিষ্কার করতে বাঁশ, দড়ি ও আংটা নিয়ে পানিতে নেমেছেন শেখ সাদিয়া মনোয়ারা ঊষা। তাঁর ব্যক্তিগত উদ্যোগে ক্রমে যুক্ত হয়েছেন সাধারণ মানুষ ও স্বেচ্ছাসেবীরা। গত ৬ থেকে ২২ নভেম্বরের অভিযানে দড়াটানা সেতু থেকে কাঠের পুল পর্যন্ত প্রায় ৮০০ মিটার বা কিছু বেশি অংশ থেকে সরানো হয়েছে কচুরিপানা।
স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল অফিসার সাদিয়া বিসিএস ক্যাডারের চিকিৎসক। গত বছর তিনি ডিআর কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন। যশোর শহরেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। শৈশবে ভৈরবকে প্রবহমান দেখেছেন। তাঁর পরিবার এখনো নদপাড়ের একটি ভাড়া বাসায় থাকে।

কয়েক দিনের ছুটিতে যশোরে গিয়ে পরিচিত নদটির দশা তাঁকে অস্বস্তিতে ফেলে। দড়াটানা সেতুর নিচে পানি প্রায় ঢেকে ছিল কচুরিপানায়। ফাঁকফোকরে দেখা যাচ্ছিল কালচে পানি। গত ৫ নভেম্বর ফেসবুকে তিনি নদ পরিষ্কারের ইচ্ছার কথা জানিয়ে সবার পরামর্শ চান। শুরুতে বাসার পাশের সামান্য একটি জায়গা পরিষ্কার করেন। সেই এক চিলতে পানিতে মেঘের ছায়া দেখে পুরো নদে আকাশের প্রতিচ্ছবি দেখার স্বপ্ন জাগে তাঁর মনে।
কাজটি অবশ্য সহজ ছিল না। শুরুতে সরঞ্জাম ও লোকবলের ঘাটতি ছিল। পরে সাধারণ মানুষের পাশাপাশি ‘উই আর বাংলাদেশ’ ও ‘বিডি ক্লিন’-এর মতো স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা এগিয়ে আসেন। তাঁদের দক্ষতা ও সহযোগিতায় অভিযান গতি পায়। সাদিয়ার মতে, অংশগ্রহণকারীরা ব্যক্তি সাদিয়ার নয়, মূলত ভৈরবের পাশে দাঁড়িয়েছেন। শুরু থেকে পরিবারের সমর্থনও তাঁকে সাহস জুগিয়েছে।
গত ২৩ নভেম্বর ঢাকায় প্রথম আলো কার্যালয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন এই চিকিৎসক। নদের সংকটকে তিনি দেখছেন শরীরের ক্ষত বা সংক্রমণের মতো করে। চিকিৎসায় যেমন প্রথমে ক্ষত সামাল দিয়ে পরিষ্কার করতে হয় এবং পরে সংক্রমণের উৎস বন্ধ করতে হয়, ভৈরবের ক্ষেত্রেও তেমন ধারাবাহিক ব্যবস্থা দরকার বলে তিনি মনে করেন। কচুরিপানা সরানো ছিল নদটিকে আবার মানুষের চোখের সামনে আনার প্রাথমিক চেষ্টা।

পরিষ্কার করা অংশটি শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকায়। এর এক পাশে বাজার, অন্য পাশে হাসপাতাল, রয়েছে কসাইখানাও। বাজার ও হাসপাতালের বর্জ্যসহ নানা আবর্জনা নদে ফেলা হয়েছে। ফলে পানির ওপরের আগাছা সরালেই সংকট কাটবে, এমনটি ভাবার সুযোগ নেই। বর্জ্য ফেলা বন্ধ না হলে স্বেচ্ছাশ্রমের সুফল ধরে রাখা কঠিন হবে।
চৌগাছার তাহেরপুর থেকে খুলনার রূপসা পর্যন্ত ভৈরবের দৈর্ঘ্য ১৩৩ কিলোমিটার। নদটি পুনঃখনন করা হলেও যশোর শহর অংশে স্বাভাবিক প্রবাহ বাধা পাচ্ছে। দড়াটানা ও কাঠের পুলের মতো কয়েকটি সেতু নদের প্রস্থের তুলনায় সরু হওয়ায় এ সমস্যা তৈরি হচ্ছে। তাই স্থায়ী সমাধানে বর্জ্য নিয়ন্ত্রণের পাশাপাশি পানিপ্রবাহের প্রতিবন্ধকতা নিয়েও ভাবতে হবে। সাদিয়াও চান, ভৈরবে স্রোত ও জোয়ার-ভাটা ফিরে আসুক।
উদ্যোগটি নিয়ে তাঁকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে। কেউ কেউ একে ফেসবুকে আলোচিত হওয়ার চেষ্টা বলেছেন। কয়েকজন ফোনে হুমকির সুরে কথাও বলেছেন বলে তাঁর অভিযোগ। তবে সাদিয়া জানান, ভাইরাল হওয়া তাঁর লক্ষ্য ছিল না। ভয় বা সমালোচনায় তিনি থেমেও যাননি।
অর্থের বিষয়ে শুরু থেকেই সতর্ক অবস্থান ছিল তাঁর। জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এক লাখ টাকা দিতে চাইলে তা ফিরিয়ে দেওয়া হয়। সাদিয়ার অবস্থান ছিল, আগ্রহীরা সরঞ্জাম, খাবার বা লোকবল দিয়ে পাশে থাকতে পারেন, তবে নগদ অর্থ নয়। প্রশাসনিক সহায়তা প্রসঙ্গে তিনি জানান, জেলা প্রশাসক পৌরসভার দুটি ট্রাকে প্রতিদিন কচুরিপানা সরানোর কথা বলেছিলেন। কিন্তু বাস্তবে তেমন কিছু তাঁর চোখে পড়েনি।
অভিযানের ছবি ও ভিডিও দেখে অনেকে অনুপ্রাণিত হচ্ছেন। তবে অভিজ্ঞতা ছাড়া পানিতে নেমে ঝুঁকি না নিতে সতর্ক করেছেন সাদিয়া। তাঁর মতে, নদের বাকি অংশ পরিষ্কারে যশোরবাসীর অংশগ্রহণের সঙ্গে প্রয়োজন সঠিক পরিকল্পনা ও আধুনিক যন্ত্রপাতি।
সাদিয়া এই কাজকে মূলত প্রতীকী উদ্যোগ হিসেবে দেখেন। কিন্তু প্রতীকী পদক্ষেপও কখনো বড় পরিবর্তনের সূচনা করতে পারে। ভৈরবকে ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে, তাকে কার্যকর উদ্যোগে রূপ দিতে প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ও নাগরিকদের সম্মিলিত ভূমিকা জরুরি। কারণ নদ ও পরিবেশের সুস্থতার সঙ্গে মানুষের স্বাস্থ্যও গভীরভাবে জড়িত।
অভিযানের শেষ দিন ২২ নভেম্বর পরিষ্কার পানিতে চাঁদের আলো দেখে আপ্লুত হন সাদিয়া। সারা দিনের পরিশ্রম আর হাত-পা কাটার কষ্টের মধ্যে সে দৃশ্য হয়ে ওঠে বড় প্রাপ্তি। তাঁর প্রত্যাশা, ভৈরবে আবার আকাশের ছায়া পড়ুক এবং কেউ যেন আর এই নদে ময়লা না ফেলেন।

