দেশের জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ তিন প্রতিষ্ঠান তিতাস গ্যাস, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) এবং রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। প্রতিষ্ঠান তিনটির ব্যবস্থাপনা পরিচালককে পেট্রোবাংলায় সরিয়ে তাঁদের জায়গায় নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে পেট্রোবাংলার কয়েকটি পরিচালক পদেও দায়িত্ব পুনর্বণ্টন করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) ও বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পেট্রোবাংলার নিয়োগ, পদোন্নতি ও বদলি শাখা থেকে জারি করা পৃথক অফিস আদেশে এসব পরিবর্তন আনা হয়। জনস্বার্থে জারি করা আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে।
আদেশ অনুযায়ী, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাহনেওয়াজ পারভেজকে পেট্রোবাংলার উৎপাদন বণ্টন চুক্তি বা পিএসসি বিভাগের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর স্থলে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান।
অন্যদিকে পেট্রোবাংলার পিএসসি বিভাগের পরিচালক পদে অতিরিক্ত দায়িত্বে থাকা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকারকে সংস্থাটির চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
আরপিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম পেয়েছেন পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) পদের চলতি দায়িত্ব। তাঁর জায়গায় আরপিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. আইনুল কবিরকে।
বাপেক্সেও এসেছে নতুন নেতৃত্ব। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আহসানুল আমিনকে ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। আর বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকা প্রকৌশলী মো. ফজলুল হককে পেট্রোবাংলায় সংযুক্ত করা হয়েছে।
গ্যাস অনুসন্ধান, উৎপাদন, বিতরণ ও রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে একযোগে এই পরিবর্তন জ্বালানি খাতের জন্য গুরুত্বপূর্ণ। দেশের শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন ও গৃহস্থালি পর্যায়ে গ্যাস সরবরাহের গুরুত্ব বিবেচনায় নতুন দায়িত্বপ্রাপ্তদের কার্যক্রমের দিকে নজর থাকবে।
বিশেষ করে গ্যাস অনুসন্ধান জোরদার, সরবরাহ ব্যবস্থাপনার উন্নতি, অপচয় রোধ এবং গ্রাহকসেবায় জবাবদিহি নিশ্চিত করা এ খাতের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। দায়িত্ব হস্তান্তরের পর চলমান কাজের ধারাবাহিকতা বজায় রেখে দ্রুত সিদ্ধান্ত ও কার্যকর সমন্বয় করা গেলে এ রদবদলের সুফল পাওয়ার সুযোগ তৈরি হবে।

