দখল আর দূষণে বিপর্যস্ত ঢাকার চারপাশের নদ-নদী রক্ষায় বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব নদীর দুই তীর থেকে ১০০ মিটারের মধ্যে নতুন সরকারি ও বেসরকারি অবকাঠামো নির্মাণের অনুমোদন বন্ধ করা হচ্ছে। নগর পরিকল্পনাবিদ ও পরিবেশবিদরা মনে করছেন, সঠিকভাবে বাস্তবায়িত হলে নদী রক্ষার পাশাপাশি রাজধানীর তাপমাত্রা সহনীয় রাখা এবং জলাবদ্ধতা কমাতেও এ উদ্যোগ বড় ভূমিকা রাখতে পারে।
গত ৪ অক্টোবর ঢাকার চারপাশের নদ-নদী ও সংযুক্ত খাল-নালার দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, নাব্যতা রক্ষা এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় সেলের সভা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ সভায় নদীদূষণ প্রতিরোধ ও অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক নির্মাণের স্বার্থে সুরক্ষা বলয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী, সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
নগর পরিকল্পনাবিদদের মতে, এ সিদ্ধান্ত শহরের সবুজ ও জলভিত্তিক সংযোগব্যবস্থা বা ‘গ্রিন-ব্লু নেটওয়ার্ক’ গড়ে তোলার ক্ষেত্রে বড় অগ্রগতি আনতে পারে। এ ধারণায় পার্ক, গাছপালা ও বনাঞ্চলের মতো সবুজ এলাকার সঙ্গে নদী, খাল, পুকুর ও অন্যান্য জলাশয়কে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনা হয়। এতে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ঘনবসতিপূর্ণ নগরে স্বস্তির পরিসর তৈরি হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আখতার মাহমুদ মনে করেন, উদ্যোগটি আরও আগে নেওয়া উচিত ছিল। তাঁর মতে, নদীতীরে স্থাপনা গড়ে উঠলে বর্ষায় পানি নেমে যাওয়ার পথ বাধাগ্রস্ত হয় এবং নগরে জলাবদ্ধতা তৈরি হয়। শুধু ঢাকা নয়, সব জনপদের জন্যই নদী সংরক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়।
নদীর সীমানা চিহ্নিত করে দুই তীরে পরিকল্পিত গণপরিসর গড়ে তোলার পরামর্শ দিয়েছেন তিনি। সেখানে মানুষের বসা, হাঁটাচলা ও বিনোদনের সুযোগ থাকবে, লাগানো হবে গাছপালা। অধ্যাপক আখতার মাহমুদ বলেন, বর্তমান সরকারের বৃক্ষরোপণ এবং খাল-নদী সংস্কারের নির্বাচনী অঙ্গীকারের সঙ্গেও এ উদ্যোগ সংগতিপূর্ণ। তাই অগ্রাধিকার ঠিক করে কাজটি বাস্তবায়ন করা দরকার।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সংগঠনের সদস্যসচিব শরীফ জামিল বলেন, এ সিদ্ধান্ত নদীর প্রয়োজনীয়তা ও নদী দখলমুক্ত রাখার বিষয়ে ইতিবাচক বার্তা দেবে। তবে দখল ও দূষণ ঠেকাতে আরও অনেক কঠোর পদক্ষেপ নেওয়া এবং সেগুলোর কার্যকর বাস্তবায়ন জরুরি।
সুরক্ষা বলয় বাস্তবায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি হলো, ১০০ মিটার মাপা শুরু হবে কোথা থেকে। রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) শাহীনুর আলম জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বসানো সীমানা পিলার থেকে এ দূরত্ব পরিমাপ করা হবে।
তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, নদীর প্রকৃত সীমানা বৈজ্ঞানিক ও আইনগতভাবে নির্ধারণ করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে স্বাভাবিক গতিপথ, তীরভূমি ও মৌসুমি পরিবর্তন বিবেচনায় নিতে হবে। কারণ সীমানা নির্ধারণে ত্রুটি থাকলে নদীর অংশই সুরক্ষার বাইরে থেকে যাওয়ার ঝুঁকি তৈরি হবে।
বিআইডব্লিউটিএ নদীতীরবর্তী উন্নয়ন ব্যবস্থাপনার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। তাই সংস্থাটির সঙ্গে সমন্বয় করে মন্ত্রণালয় ও রাজউক কাজ করতে পারে বলে মত এসেছে। আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে করণীয় সম্পর্কে চূড়ান্ত দিকনির্দেশনা দেওয়া হবে।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ও ঢাকা নদীবন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মোবারক হোসেন মজুমদার জানান, এত দিন নদীসীমানা থেকে ৫০ মিটারের ক্ষেত্রে বাড়ি নির্মাণে তাঁদের অনুমতিপত্রের প্রয়োজন হতো। রাজউকও সেই অনুমতিপত্র নিয়ে ছাড়পত্র দিত। এখন সরকার সীমা বাড়িয়ে ১০০ মিটার করছে। পরিপত্র জারি হলে তা বাস্তবায়নে কাজ করবে তাঁর সংস্থা।
পরিবেশবিদদের মতে, সুরক্ষা বলয়ের সুফল পেতে ভূমি ব্যবহার, নগর উন্নয়ন, পানি ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য রক্ষার পরিকল্পনাকে একসূত্রে আনতে হবে। কেবল নতুন নির্মাণ বন্ধ করলেই হবে না, বিদ্যমান দখল ও দূষণের বিরুদ্ধেও ধারাবাহিক ব্যবস্থা প্রয়োজন।
ঢাকার নদীগুলোকে প্রাণবন্ত রাখতে এ সিদ্ধান্ত নতুন সম্ভাবনা তৈরি করেছে। এখন সীমানার স্বচ্ছ নির্ধারণ, সংস্থাগুলোর সমন্বয়, আইনের সমান প্রয়োগ ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণই ঠিক করবে, ঘোষিত সুরক্ষা বলয় বাস্তবে কতটা কার্যকর হয়।

