কক্সবাজারের উখিয়ার ইনানীতে প্রায় এক মাস ধরে জ্বলতে থাকা নলকূপের আগুন নিয়ন্ত্রণে আনার পর জরিপকাজ চালাতে গিয়ে দগ্ধ হয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) সাত কর্মী।
দগ্ধ ব্যক্তিদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকি তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানোর প্রক্রিয়া চলছে।
দগ্ধ ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাপেক্সের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও মোহাম্মদ জনি।
ঘটনাস্থলে থাকা ডিজিএম রাকিবুল হাসান বলেন, বাতাস বেশি থাকায় সকাল থেকেই সবাই সতর্ক ছিলেন। কূপে ড্রিল পাইপ নামানোর সময় কিছু গ্যাস ছিল। সেই গ্যাসের আগুনের উত্তাপ তাঁদের গায়ে লাগে। তবে ডাইভার্টারের মাধ্যমে মূল লাইনের গ্যাস আগেই অন্যদিকে সরিয়ে দেওয়া হয়েছিল। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি।
বাপেক্সের আরেক ডিজিএম আবদুস সালাম বলেন, বাতাসের কারণে ডাইভার্টারের কাছে জ্বলতে থাকা আগুনের শিখা কূপের মুখে থাকা কর্মীদের দিকে চলে আসে। এতে কয়েকজন সামান্য দগ্ধ হন।
বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক হালাউদার ওহিদুল ইসলাম জানান, পুনরায় কাজ শুরুর আগে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে।
গত ২৭ অক্টোবর ছোট ইনানী খাল সেতুর কাছে নলকূপ বসানোর সময় হঠাৎ গ্যাস বের হতে শুরু করে। টানা এক মাস আগুন জ্বলার পর গত ২৭ নভেম্বর বাপেক্সের একটি দল তা নিয়ন্ত্রণে আনে। এরপর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সেখানে জরিপকাজ চালানো হচ্ছে।

