একসময় বিদেশ থেকে তৈরি সিমেন্ট আমদানি করে দেশের নির্মাণশিল্পের চাহিদা মেটাতে হতো। চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে নামত সিমেন্টের বস্তা। আড়াই দশকের ব্যবধানে সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। এখন বিদেশ থেকে মূলত সিমেন্ট তৈরির কাঁচামাল আমদানি করা হয়। আর সেই কাঁচামাল প্রক্রিয়াজাত করে দেশের কারখানাগুলোতেই তৈরি হচ্ছে প্রয়োজনীয় সিমেন্ট। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি সীমিত পরিসরে রপ্তানিও হচ্ছে।
বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগ, সরকারি নীতিসহায়তা, নির্মাণ খাতের সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশের সিমেন্টশিল্পে এই পরিবর্তন এসেছে। একসময় আমদানিনির্ভর এই শিল্প এখন উৎপাদনক্ষমতার দিক থেকে দেশের অন্যতম বড় শিল্প খাতে পরিণত হয়েছে। তবে উৎপাদন সক্ষমতা বাড়লেও বাজারের চাহিদা তুলনামূলক কম। ফলে অতিরিক্ত উৎপাদনক্ষমতা, কাঁচামালের আমদানিনির্ভরতা এবং উৎপাদন ব্যয়ের চাপ এখন শিল্পটির সামনে বড় চ্যালেঞ্জ।
বাংলাদেশ সিমেন্ট প্রস্তুতকারক সমিতির ২০২৬ সালের মার্চে প্রকাশিত হিসাব অনুযায়ী, দেশের ৪১টি কারখানার সম্মিলিত বার্ষিক উৎপাদনক্ষমতা প্রায় ৮ কোটি ৬০ লাখ টন। অথচ ২০২৫ সালে দেশে সিমেন্টের চাহিদা ছিল প্রায় ৩ কোটি ৯৮ লাখ টন। অর্থাৎ দেশের বর্তমান উৎপাদনক্ষমতা অভ্যন্তরীণ চাহিদার দ্বিগুণেরও বেশি। একসময় যেখানে তৈরি সিমেন্ট আমদানি করতে হতো, সেখানে এখন দেশীয় কারখানাগুলোর সক্ষমতা চাহিদার তুলনায় অনেক বেশি।
এই পরিবর্তনের সূচনা হয়েছিল নব্বইয়ের দশকে। তার আগে দেশের সিমেন্টের বাজারে আমদানির প্রভাব ছিল উল্লেখযোগ্য। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, ১৯৯৯ সালে বাল্ক পণ্য আমদানির প্রায় ৮ শতাংশ ছিল প্রস্তুত সিমেন্ট। ওই সময়ে মাত্র পাঁচটি কারখানা সিমেন্ট তৈরির কাঁচামাল আমদানি করত। অর্থাৎ দেশে উৎপাদনের চেয়ে বিদেশ থেকে তৈরি সিমেন্ট আনার প্রবণতাই ছিল বেশি।
নতুন শতকের শুরুতে পরিস্থিতি দ্রুত পাল্টাতে থাকে। ২০০০ সালে আরও তিনটি কারখানা সিমেন্ট তৈরির কাঁচামাল আমদানি শুরু করে। পরের বছর কাঁচামাল আমদানিকারক কারখানার সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৩টিতে। উদ্যোক্তারা বুঝতে পারেন, বিদেশ থেকে তৈরি সিমেন্ট আনার বদলে দেশে কাঁচামাল এনে উৎপাদন করলে বাজারে প্রতিযোগিতা করা সম্ভব। ফলে একের পর এক প্রতিষ্ঠান উৎপাদন সক্ষমতা বাড়াতে বিনিয়োগ শুরু করে।
চট্টগ্রাম বন্দরের পরিসংখ্যানেও এই পরিবর্তনের স্পষ্ট প্রতিফলন দেখা যায়। ২০০২ সালে সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল ক্লিংকার আমদানি অর্ধকোটি টন ছাড়িয়ে যায়। একই সময়ে প্রস্তুত সিমেন্টের আমদানি কমে নেমে আসে মাত্র ১০ হাজার টনে। ওই সময়ের মধ্যেই সাধারণ সিমেন্টের চাহিদা পূরণের সক্ষমতা দেশে তৈরি হয়ে যায়। এরপর বিশেষায়িত কিছু পণ্য ছাড়া প্রস্তুত সিমেন্ট আমদানির প্রয়োজন অনেকটাই কমে আসে।
বাংলাদেশে সিমেন্ট উৎপাদনের ইতিহাস অবশ্য আরও পুরোনো। ১৯৪১ সালে সিলেটের ছাতকে সুরমা নদীর তীরে প্রতিষ্ঠিত হয় আসাম বেঙ্গল সিমেন্ট কোম্পানি। এটিই ছিল এ অঞ্চলের প্রথম সিমেন্ট কারখানা। স্বাধীনতার পর কারখানাটি রাষ্ট্রায়ত্ত খাতের অধীনে আসে। পরে সত্তরের দশকে চট্টগ্রামে গড়ে ওঠে চিটাগাং সিমেন্ট ক্লিংকার অ্যান্ড গ্রাইন্ডিং কারখানা। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক কোম্পানি হাইডেলবার্গ সিমেন্টের নিয়ন্ত্রণে যায়।
তবে এসব কারখানার উৎপাদনক্ষমতা দেশের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য যথেষ্ট ছিল না। ফলে দীর্ঘ সময় সিমেন্টের বড় অংশ আমদানি করতে হয়েছে। নব্বইয়ের দশকে বেসরকারি উদ্যোক্তারা এ খাতে বিনিয়োগ শুরু করলে পরিস্থিতির পরিবর্তন ঘটে। কনফিডেন্স সিমেন্ট, মেঘনা সিমেন্ট, ডায়মন্ড সিমেন্ট ও আরামিটের মতো প্রতিষ্ঠান শিল্পটির বিকাশে ভূমিকা রাখে।
নব্বইয়ের দশকের শেষভাগ এবং নতুন শতকের শুরুতে বিনিয়োগের গতি আরও বাড়ে। ক্রাউন সিমেন্ট, শাহ সিমেন্ট, ইউনিক সিমেন্টের ফ্রেশ ব্র্যান্ড, প্রিমিয়ার সিমেন্ট, আকিজ সিমেন্ট, আনোয়ার সিমেন্ট, এস আলম সিমেন্ট ও মেট্রোসেমসহ বিভিন্ন প্রতিষ্ঠান বাজারে যুক্ত হয়। দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি হাইডেলবার্গ, লাফার্জ ও হোলসিমের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানও এ খাতে বিনিয়োগ করে।
শিল্পের বিকাশে সরকারের নীতিসহায়তাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্বব্যাংকের এক গবেষণা অনুযায়ী, ১৯৯৯ থেকে ২০০১ সালের মধ্যে ধূসর পোর্টল্যান্ড সিমেন্টের ওপর সুরক্ষামূলক আমদানি শুল্কভার প্রায় ৩৬ শতাংশ থেকে বাড়িয়ে ৭০ শতাংশ করা হয়। এতে বিদেশ থেকে তৈরি সিমেন্ট আমদানির তুলনায় দেশে উৎপাদনে বিনিয়োগের সুযোগ ও আগ্রহ বাড়ে। একই সময়ে নগরায়ণ, আবাসন নির্মাণ এবং সরকারি-বেসরকারি অবকাঠামো প্রকল্পের বিস্তারে সিমেন্টের বাজারও বড় হতে থাকে।
বাজারের এই সম্ভাবনা কাজে লাগাতে উদ্যোক্তারা নতুন কারখানা স্থাপনের পাশাপাশি পুরোনো কারখানার উৎপাদনক্ষমতা বাড়ান। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০০৩ সালে দেশে প্রায় ৬০টি সিমেন্ট গ্রাইন্ডিং কারখানা ছিল। এসব কারখানার সম্মিলিত বার্ষিক উৎপাদনক্ষমতা ছিল প্রায় ১ কোটি ২০ লাখ টন। তখন প্রকৃত উৎপাদন ছিল প্রায় ৬০ লাখ টন। অর্থাৎ শিল্পের বিকাশের শুরুর দিকেই উৎপাদনক্ষমতা চাহিদার তুলনায় বেশি হয়ে উঠতে শুরু করে।
সময়ের সঙ্গে এই সক্ষমতা কয়েক গুণ বেড়েছে। প্রতিযোগিতায় টিকে থাকতে প্রতিষ্ঠানগুলো শুধু উৎপাদনের পরিমাণ বাড়ায়নি; পণ্যের মান, প্রযুক্তি, সরবরাহব্যবস্থা এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী সিমেন্টের ধরনেও পরিবর্তন এনেছে।
সিমেন্টের ধরনেও এসেছে বড় পরিবর্তন। ২০০১ সাল পর্যন্ত দেশের বাজারে মূলত অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট বা ওপিসির ব্যবহার ছিল বেশি। নতুন শতকের শুরুতে বাজারে আসে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট বা পিসিসি। ধীরে ধীরে এই সিমেন্ট বাজারে প্রধান অবস্থান তৈরি করে। বাংলাদেশ সিমেন্ট প্রস্তুতকারক সমিতির হিসাবে, বর্তমানে দেশে ব্যবহৃত সিমেন্টের প্রায় ৯৫ শতাংশই পিসিসি।
পণ্যের এই বৈচিত্র্য নির্মাণশিল্পের চাহিদা পূরণে নতুন সুযোগ তৈরি করেছে। সাধারণ ভবন নির্মাণের পাশাপাশি বড় অবকাঠামো, শিল্পকারখানা ও উপকূলীয় স্থাপনার জন্য প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বৈশিষ্ট্যের সিমেন্ট উৎপাদন ও সরবরাহের সক্ষমতা গড়ে উঠেছে। পদ্মা সেতু, মেট্রোরেল ও বিদ্যুৎকেন্দ্রের মতো বড় প্রকল্পে দেশীয় সিমেন্ট ব্যবহারের ফলে স্থানীয় উৎপাদকদের জন্য নতুন বাজার তৈরি হয়েছে।
বাংলাদেশ সিমেন্ট প্রস্তুতকারক সমিতির সভাপতি আমিরুল হকের মতে, দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগেই সিমেন্টশিল্পে বড় পরিবর্তন এসেছে। এখন দেশের চাহিদা পূরণের পাশাপাশি সিমেন্ট রপ্তানিও হচ্ছে। তাঁর বক্তব্য অনুযায়ী, বড় অবকাঠামো প্রকল্পে আন্তর্জাতিক মান যাচাইয়ের পর দেশীয় সিমেন্ট ব্যবহারের বিষয়টি স্থানীয় শিল্পের সক্ষমতার প্রমাণ।
উৎপাদন প্রযুক্তিতেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। শুরুর দিকে দেশের কারখানাগুলোতে মূলত বল মিল প্রযুক্তিতে সিমেন্ট তৈরি হতো। পরে যুক্ত হয় হাই-প্রেশার গ্রাইন্ডিং প্রযুক্তি। এরপর বড় কারখানাগুলোতে ব্যবহৃত হতে থাকে ভার্টিক্যাল রোলার মিল বা ভিআরএম। আধুনিক এই প্রযুক্তিতে উৎপাদনদক্ষতা বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় করা সম্ভব।
প্রযুক্তিগত অগ্রগতির একটি বড় উদাহরণ শাহ সিমেন্টের কারখানা। আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠানটি ২০১৮ সালে মুন্সিগঞ্জের মুক্তারপুরে বিশ্বের বৃহত্তম ভার্টিক্যাল রোলার সিমেন্ট মিল স্থাপন করে। ডেনমার্কের এফএলস্মিথের তৈরি এই মিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের বৃহত্তম হিসেবে স্থান পায়। এর গ্রাইন্ডিং টেবিলের ব্যাস ৮ দশমিক ০৮ মিটার এবং রোলারের ব্যাস ২ দশমিক ৬৪ মিটার। একক মিলের এত বড় আকার ও উৎপাদনক্ষমতা বাংলাদেশের সিমেন্টশিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি এনে দেয়।
এরপর আরও কয়েকটি প্রতিষ্ঠান আধুনিক ভিআরএম প্রযুক্তিতে বিনিয়োগ করে। প্রিমিয়ার সিমেন্ট ২০২২ সালের জুলাইয়ে ডেনমার্কের এফএলস্মিথের সরবরাহ করা ভিআরএমের মাধ্যমে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। এতে প্রতিষ্ঠানটির উৎপাদনক্ষমতা বাড়ে। সর্বশেষ ২০২৬ সালের জানুয়ারিতে নরসিংদীর পলাশে কনফিডেন্স সিমেন্টের নতুন কারখানায় উৎপাদন শুরু হয়। জার্মান প্রযুক্তির ভিআরএম ব্যবহার করা এই কারখানার বার্ষিক উৎপাদনক্ষমতা ১৮ লাখ টন।
দেশীয় বাজারে অবস্থান শক্ত করার পর বিদেশের বাজারেও প্রবেশ করেছে বাংলাদেশের সিমেন্ট উৎপাদকরা। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলো এ ক্ষেত্রে অন্যতম রপ্তানি গন্তব্য। দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশেও সীমিত পরিসরে সিমেন্ট পাঠানো হচ্ছে। তবে অভ্যন্তরীণ বাজারের তুলনায় রপ্তানির পরিমাণ এখনো অনেক কম। তবু আমদানিনির্ভরতা থেকে রপ্তানির সক্ষমতা অর্জন শিল্পটির অগ্রগতির গুরুত্বপূর্ণ দিক।
এত অর্জনের পরও সিমেন্টশিল্পের সামনে কয়েকটি বড় চ্যালেঞ্জ রয়েছে। সবচেয়ে বড় সমস্যা উৎপাদনক্ষমতার তুলনায় বাজারের আকার ছোট। দেশে বছরে প্রায় ৮ কোটি ৬০ লাখ টন সিমেন্ট উৎপাদনের সক্ষমতা থাকলেও চাহিদা প্রায় ৪ কোটি টন। ফলে কারখানাগুলোর বড় অংশের সক্ষমতা অব্যবহৃত থেকে যাচ্ছে। এতে উৎপাদন ব্যয়, ঋণের কিস্তি, পরিচালন ব্যয় এবং বাজারে প্রতিযোগিতার চাপ বাড়ছে।
অন্যদিকে প্রস্তুত সিমেন্টের বাজারে স্বয়ংসম্পূর্ণতা এলেও কাঁচামালের ক্ষেত্রে আমদানিনির্ভরতা কাটেনি। অধিকাংশ কারখানাকে ক্লিংকার, জিপসাম, স্ল্যাগ, ফ্লাই অ্যাশ ও চুনাপাথরের মতো উপাদান বিদেশ থেকে আনতে হয়। ২০২৫ সালেও দেশে প্রায় দুই কোটি টন ক্লিংকার আমদানি হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বাড়লে কিংবা ডলারের বিনিময় হার, জাহাজভাড়া ও পরিবহন ব্যয় বেড়ে গেলে সিমেন্টের উৎপাদন খরচও বেড়ে যায়।
পরিবেশগত চ্যালেঞ্জও ক্রমে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশ্বজুড়ে নির্মাণসামগ্রীর কার্বন নিঃসরণ কমানোর ওপর গুরুত্ব বাড়ছে। সিমেন্ট উৎপাদনে জ্বালানির ব্যবহার ও কার্বন নিঃসরণ তুলনামূলক বেশি হওয়ায় এ খাতকে আরও পরিবেশবান্ধব প্রযুক্তির দিকে যেতে হবে। ক্লিংকারের বিকল্প উপাদানের ব্যবহার, জ্বালানিসাশ্রয়ী যন্ত্রপাতি এবং উৎপাদনপ্রক্রিয়ার দক্ষতা বাড়ানো এখন সময়ের দাবি।
তবে সামনে সম্ভাবনাও কম নয়। নগরায়ণ, আবাসন, শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় দেশে সিমেন্টের চাহিদা বাড়তে পারে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর বাজারে রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। এসব সম্ভাবনা কাজে লাগাতে হলে উৎপাদনক্ষমতার যথাযথ ব্যবহার, কাঁচামাল সংগ্রহে ব্যয় নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক মান বজায় রাখার দিকে নজর দিতে হবে।
আড়াই দশক আগে চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে নামত বিদেশি সিমেন্টের বস্তা। এখন সেই জাহাজেই আসে সিমেন্ট তৈরির কাঁচামাল। দেশীয় কারখানায় উৎপাদিত সিমেন্টে পূরণ হচ্ছে দেশের নির্মাণশিল্পের বড় অংশের চাহিদা। এই রূপান্তর বাংলাদেশের শিল্পায়নের উল্লেখযোগ্য সাফল্য। তবে পরবর্তী লক্ষ্য হওয়া উচিত শুধু উৎপাদনক্ষমতা বাড়ানো নয়; বরং সক্ষমতার কার্যকর ব্যবহার, আমদানিনির্ভর কাঁচামালের ঝুঁকি কমানো এবং পরিবেশবান্ধব উৎপাদনের মাধ্যমে শিল্পটিকে দীর্ঘমেয়াদে প্রতিযোগিতামূলক করে তোলা।

