মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের পুচং শহরের কেন্দ্রস্থলে ফুড কোর্টে অভিযান চালিয়ে নয়জন বাংলাদেশিসহ ৫৮ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
গতকাল বুধবার- ইমিগ্রেশন বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ, মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স, মানবপাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী বিভাগ এবং মানি লন্ডারিং ক্রিমিনাল ইনভেস্টিগেশন টিমের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ৯৫ জন কর্মকর্তা অংশ নেন।
ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, স্থানীয় জনগণের অভিযোগ ও এক সপ্তাহের নজরদারির ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। অভিযানে ১০২ জন ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয়, যার মধ্যে ৫৮ জন অভিবাসীর বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।
আটকদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে- তার মধ্যে রয়েছে মালয়েশিয়ায় অতিরিক্ত সময় অবস্থান, অস্থায়ী কর্ম পরিদর্শন পাসের অপব্যবহার এবং অবৈধ ব্যবসা পরিচালনা।
আটকদের পরিচয় সম্পর্কে ইমিগ্রেশন বিভাগ জানায়, তাদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১০ জন নারী মিয়ানমারের নাগরিক, ইন্দোনেশিয়ার দুইজন পুরুষ এবং একজন নারী, বাংলাদেশি নয়জন পুরুষ, ভারতীয় চারজন পুরুষ এবং একজন ভিয়েতনামি পুরুষ রয়েছেন।
আটককৃতদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তদন্ত শেষে তাদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইমিগ্রেশনের মহাপরিচালক।

