চীনের দাবি, বাংলাদেশের পাঠ্যপুস্তক ও সরকারি মানচিত্রে তাদের ভূখণ্ডের ভুল উপস্থাপন করা হয়েছে। বিষয়টি নিয়ে দেশটি আনুষ্ঠানিকভাবে ঢাকা সরকারের কাছে আপত্তি জানিয়েছে।
প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবই এবং জরিপ অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত এশিয়ার মানচিত্রে অরুণাচল ও আকসাই চীনকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে। চীন দাবি করেছে, এই অঞ্চলগুলোর যথাযথ নাম ‘জ্যাংনান’ ও ‘আকসাই চীন’, যা তাদের ভূখণ্ডের অংশ- এমন দাবি করে বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিয়েছে বেইজিং।
এ ছাড়া নবম শ্রেণির পাঠ্যবইয়ে দ্বিপক্ষীয় বাণিজ্য বিষয়ে হংকং ও তাইওয়ানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের আলাদা উল্লেখ থাকায় আপত্তি জানিয়েছে বেইজিং। চীনের মতে, হংকং ও তাইওয়ান দেশটির অবিচ্ছেদ্য অংশ এবং পৃথকভাবে বাণিজ্যিক সম্পর্ক দেখানো তাদের সার্বভৌমত্বের পরিপন্থী।
এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, চীন বিষয়টি একাধিকবার ঢাকার নজরে এনেছে। তবে আপত্তি জানানোর সময় নতুন পাঠ্যবই ছাপার কাজ শেষ হয়ে যাওয়ায় তাৎক্ষণিক সংশোধন সম্ভব হয়নি। পরবর্তী সংস্করণে বিষয়টি বিবেচনায় নেওয়া হবে বলে বেইজিংকে জানানো হয়েছে।
চীনের দূতাবাস থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘জ্যাংনান’ অঞ্চল চীনের অবিচ্ছেদ্য অংশ, এবং সেখানে তথাকথিত ‘অরুণাচল প্রদেশ’ প্রতিষ্ঠা অবৈধ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ দাবিকে প্রত্যাখ্যান করে জানায়, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে।
পাঠ্যপুস্তক পরিমার্জন ও সংশোধন কমিটির এক সদস্য জানান, কয়েক মাস আগেই তারা বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছেন। সংশোধনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তিনি আশ্বাস দেন।

