মালয়েশিয়া ২৩ বাংলাদেশিসহ মোট ২৭৮ জন বন্দিকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে।
গত ৯ ফেব্রুয়ারি মালয়েশিয়ার জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানায়, সাজা শেষে বিভিন্ন অপরাধে আটক এসব অভিবাসীকে তাদের নিজ নিজ দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাইয়ের পর আকাশ এবং স্থলপথে ফেরত পাঠানো হয়েছে।
এদের মধ্যে ২৩ বাংলাদেশি, ২৩০ ইন্দোনেশীয়, ১৭ পাকিস্তানি, ৬ ভারতীয়, ১ কলম্বিয়ান এবং ১ সিঙ্গাপুরের নাগরিক রয়েছে। তারা মালয়েশিয়ার পেকান নেনাস বন্দিশিবিরে কারাভোগ শেষে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (KIA-1), কেএলআইএ টার্মিনাল-২ এবং জোহর বাহরুর স্টুলাং লাউট ফেরি টার্মিনাল দিয়ে নিজ দেশে ফিরেছেন।
এছাড়া, ফেরত পাঠানোর পর এসব ব্যক্তিদের পুনরায় মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে।

