আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নেওয়ার সময়, বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
প্রধান উপদেষ্টা বলেন, দেশে বিভিন্ন খাতে সংস্কারের জন্য ১৫টি কমিশন গঠন করা হয়েছে এবং এসব কমিশনের প্রতিবেদন আসতে শুরু করেছে। তিনি জানান, কমিশনগুলোর সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠনের পরিকল্পনা করা হয়েছে। যা সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতা তৈরিতে কাজ করবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতামত নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কোন সুপারিশ বাস্তবায়ন করা হবে। কোনটি ভবিষ্যতে কার্যকর করা যেতে পারে এবং কোনগুলো একেবারেই বাতিল করা হবে। এসব বিষয়ে আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্য গঠনের পরিকল্পনা রয়েছে। রাজনৈতিক দল ও সুশীল সমাজের মতামতের ভিত্তিতেই আগামী ডিসেম্বরে নির্বাচন আয়োজনের ব্যাপারে তিনি আশাবাদী। তবে আরও কিছু সংস্কার কার্যক্রমের জন্য সময় প্রয়োজন হলে আগামী বছরের প্রথম তিন মাস পর্যন্ত সময় নেওয়া হতে পারে।
প্রধান উপদেষ্টা বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য একটি সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা। তিনি জানান, ১৬ মাসের মধ্যে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে দায়িত্ব শেষ করতে চান। তাঁর মতে, জনগণের প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠানই হবে সরকারের সফলতা, যা উদযাপন করবে দেশবাসী।
দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের এক অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় অধ্যাপক ইউনূস বলেন, তাঁর ওপর অর্পিত দায়িত্ব সম্পন্ন হলে তিনি সরে দাঁড়াতে প্রস্তুত। তিনি জানান, জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে একটি কমিশন কাজ করছে। যা সব পক্ষের মতামতের ভিত্তিতে সুপারিশ তৈরি করবে। এসব সুপারিশকে নির্বাচন আয়োজনের জন্য একটি সনদের ভিত্তি হিসেবে ব্যবহার করা হবে।
তিনি বলেন, সনদের ভিত্তিতে চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের পর নবনির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। তিনি জোর দিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আস্থার প্রতিফলন ঘটাতে চায় এবং ক্ষমতা হস্তান্তরের পর তিনি ব্যক্তিগত জীবনে ফিরে যেতে আগ্রহী।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া অব্যাহত রাখার অঙ্গীকার করেন। দ্য ন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তির বাইরে রাখার কোনো সুযোগ দেওয়া হবে না। তিনি জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ভারতকে আনুষ্ঠানিকভাবে নোটিশ পাঠানো হয়েছে। যাতে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হয়। তিনি আরও দাবি করেন, মানবাধিকারবিষয়ক জাতিসংঘের হাইকমিশনারের প্রতিবেদনসহ শেখ হাসিনার বিরুদ্ধে প্রচুর তথ্যপ্রমাণ রয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, সরকার ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছে এবং সেই প্রক্রিয়া অব্যাহত থাকবে। তিনি উল্লেখ করেন, “আমরা তাঁকে বিচারের আওতায় আনতে চাই। কারণ এটি না হলে জনগণ আমাদের ক্ষমা করবে না।”
এই সব পদক্ষেপের মধ্য দিয়ে বর্তমান সরকার দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে চায়। যাতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা যায়।

