ত্বকের সাধারণ সমস্যা অ্যাটোপিক ডার্মাটাইটিসের নির্দিষ্ট কারণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে বিশেষজ্ঞদের মতে, ত্বকের প্রতিরক্ষামূলক স্তরে পরিবর্তনের ফলে এর আর্দ্রতা কমে যায়, যা শুষ্কতা সৃষ্টি করে এবং প্রদাহের ঝুঁকি বাড়িয়ে দেয়।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, এই প্রদাহ চুলকানির কারণ হতে পারে। যা ত্বকের আরো ক্ষতি এবং ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি বাড়ায়।
ঝুঁকির কারণ
গবেষণায় উঠে এসেছে যে, ত্বকের আর্দ্রতা নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু বিষয় অ্যাটোপিক ডার্মাটাইটিসের ঝুঁকি বাড়াতে পারে। এর মধ্যে রয়েছে:
বংশগত কারণ: পারিবারিক ইতিহাস থাকলে অ্যাটোপিক ডার্মাটাইটিস হওয়ার আশঙ্কা বেশি থাকে। বিশেষজ্ঞদের মতে, শরীরে একটি নির্দিষ্ট জিন রয়েছে, যা প্রোটিন নিয়ন্ত্রণ করে এবং ত্বকের সুস্থ স্তর বজায় রাখতে সাহায্য করে। তবে এই প্রোটিনের স্বাভাবিক মাত্রা বজায় না থাকলে ত্বকের আর্দ্রতা হ্রাস পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে এই সমস্যাটি দেখা দেয়।
রোগ প্রতিরোধ ব্যবস্থা: শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা সাধারণত ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে। তবে কখনো কখনো ব্যাকটেরিয়া ও ভাইরাস এই ব্যবস্থাকে বাধাগ্রস্ত করে এবং এটি অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে। এর ফলে ত্বকে প্রদাহ সৃষ্টি হয় এবং অ্যাটোপিক ডার্মাটাইটিস দেখা দিতে পারে।
পরিবেশগত কারণ: পরিবেশের নানা উপাদানও ত্বকের রোগপ্রবণতা বাড়াতে পারে। এসব উপাদানের মধ্যে রয়েছে:
-
তামাকের ধোঁয়ার সংস্পর্শ
-
বায়ুদূষণ
-
ত্বকের বিভিন্ন পণ্য ও সাবানে থাকা সুগন্ধি ও রাসায়নিক যৌগ
-
অতিরিক্ত শুষ্ক ত্বক
বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, অ্যাটোপিক ডার্মাটাইটিস প্রতিরোধে নিয়মিত ত্বকের আর্দ্রতা বজায় রাখা এবং সংবেদনশীল ত্বকের জন্য নিরাপদ পণ্য ব্যবহার করা গুরুত্বপূর্ণ। পাশাপাশি বায়ুদূষণ ও তামাকের ধোঁয়া থেকে দূরে থাকাও সহায়ক হতে পারে।

