ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার হয়েছে। এ প্রক্রিয়ার আওতায় দেশটিতে অবৈধভাবে অবস্থান করা ৪০০-৫০০ বাংলাদেশি নাগরিককে চিহ্নিত করেছে মার্কিন প্রশাসন। প্রয়োজনীয় আইনি সুরক্ষা গ্রহণে ব্যর্থ হলে তাদের দেশে ফিরতে হতে পারে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।
বাংলাদেশ সরকার এ বিষয়ে প্রস্তুতি নিতে ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরপর দুই দিন বৈঠক করেছে। প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয় বুধবার, যেখানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরের দিন অনুষ্ঠিত বৈঠকে পুলিশ, ইমিগ্রেশন ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, ইতোমধ্যে যুক্তরাষ্ট্র সরকার অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছে। প্রতি সপ্তাহে ছয় থেকে সাতজন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। বৈধ পাসপোর্টধারীদের বাণিজ্যিক ফ্লাইটে ফেরত পাঠানো হচ্ছে, এবং ক্ষেত্রবিশেষে মার্কিন নিরাপত্তা কর্মকর্তারাও একই ফ্লাইটে থাকছেন। অন্যদিকে, যাদের বৈধ পাসপোর্ট নেই, তাদের ব্যাপারে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মিশন যাচাই-বাছাই করে ট্রাভেল পারমিট (টিপি) ইস্যু করছে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, যেসব নাগরিক বৈধ কাগজপত্র ছাড়া বিদেশে অবস্থান করছেন, তাদের ফেরত গ্রহণ করা সরকারের নীতিগত সিদ্ধান্তের মধ্যে পড়ে। তিনি বলেন, “এটি শুধু যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে নয়, সব দেশের জন্য প্রযোজ্য।”
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশিদের বিমানবন্দরে গ্রহণ করা হবে এবং তারা যাতে নিজ নিজ গন্তব্যে নিরাপদে পৌঁছাতে পারেন, সে জন্য সরকার সহযোগিতা করবে। এ বিষয়ে বুধবার ও বৃহস্পতিবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

