বাংলাদেশে গত বছরের জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের সময় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে সতর্কবার্তা দিয়েছিল জাতিসংঘ। সংস্থাটি স্পষ্ট জানিয়ে দিয়েছিল, যদি সেনাবাহিনী ওই সময়কার দমন-পীড়নে যুক্ত হয়, তাহলে তাদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ বন্ধ হয়ে যাবে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির জনপ্রিয় অনুষ্ঠান ‘হার্ডটক’-এ সম্প্রতি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এ তথ্য প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থাপক বড় দেশগুলোর মানবাধিকার কাউন্সিল থেকে সরে যাওয়ার প্রভাব নিয়ে প্রশ্ন করলে তুর্ক বলেন, “বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এর অন্যতম উদাহরণ।” তিনি জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশের ছাত্ররা আগের সরকারের বিরুদ্ধে ব্যাপক আন্দোলনে নেমেছিল। সে সময় মানবাধিকার লঙ্ঘন ও দমন-পীড়নের অভিযোগ উঠেছিল। জাতিসংঘের ভূমিকার প্রসঙ্গে তুর্ক বলেন, “আমরা সেনাবাহিনীকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম, যদি তারা আন্দোলনে দমন-পীড়নে যুক্ত হয়, তবে শান্তিরক্ষা মিশনে থাকার সুযোগ হারাবে। এর ফলে পরিস্থিতিতে পরিবর্তন এসেছিল।”
সাক্ষাৎকারে তুর্ক আরো জানান, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাকে অনুরোধ করেছিলেন পরিস্থিতি তদন্তে জাতিসংঘের একটি তথ্যানুসন্ধানী দল পাঠানোর জন্য। জাতিসংঘ সেই অনুসন্ধান পরিচালনা করে, যা পরিস্থিতি উন্নয়নে ভূমিকা রাখে।
মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন প্রকাশ-
৫ মার্চ সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কমিশন জুলাই-আগস্ট আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন করে। এতে আন্দোলন চলাকালে নির্যাতনের চিত্র তুলে ধরা হয়। সংস্থাটি দাবি করেছে, তাদের বিশ্লেষণে আগের সরকারের কর্মকর্তাদের পাশাপাশি নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ ব্যক্তিদের পরিকল্পিতভাবে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, “এই ঘটনায় দায়বদ্ধতা নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।”

