ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগব্যবস্থা উন্নত করতে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহারের উদ্যোগ নিয়েছে মেঘালয় রাজ্য সরকার। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে দেখা যায়, হিলি-মহেন্দ্রগঞ্জ আন্তদেশীয় অর্থনৈতিক করিডোর এ লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই করিডোর পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী হিলি ও মেঘালয়ের মহেন্দ্রগঞ্জকে সংযুক্ত করবে, যা সরাসরি কলকাতার সঙ্গে মেঘালয়ের যোগাযোগ স্থাপনের পরিকল্পনার অংশ।
মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়েছেন, ১০০ কিলোমিটার দীর্ঘ এই করিডোর চালু হলে কলকাতা থেকে মেঘালয়ের তুরা, বাঘমারা, দালু ও ডাউকির মতো পর্যটনকেন্দ্রগুলোর ভ্রমণ সময় ও খরচ ২৫-৬০ শতাংশ পর্যন্ত কমবে।
প্রতিবেদনে আরো দেখা যায়, ভারতের জাতীয় সড়ক ও অবকাঠামো উন্নয়ন করপোরেশন (এনএইচআইডিসিএল) ইতোমধ্যে সড়কের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বাংলাদেশ সরকারের সঙ্গে ভাগাভাগি করেছে।
মুখ্যমন্ত্রী সাংমা বলেন, পশ্চিমবঙ্গের হিলি ও মেঘালয়ের মহেন্দ্রগঞ্জের মধ্যে যদি বাংলাদেশ হয়ে সরাসরি সংযোগ স্থাপন সম্ভব হয়, তাহলে মেঘালয়, বরাক উপত্যকা ও ত্রিপুরার সঙ্গে কলকাতার দূরত্ব অনেক কমবে। এতে প্রায় ৬০০ থেকে ৭০০ কিলোমিটার পথ সাশ্রয় হবে।
তবে এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশের অনুমোদন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
তিনি জানান, সরকার পরিবর্তনের আগে নয়াদিল্লি ঢাকার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছিল এবং এটি প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকে স্থান পেয়েছিল। আমরা নতুন সরকারের সঙ্গেও এ বিষয়ে আলোচনা অব্যাহত রাখব।

