বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে অভ্যুত্থান এবং কমান্ড শৃঙ্খলে ভাঙনের সম্ভাবনা সম্পর্কে প্রকাশিত খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। ভারতীয় কিছু গণমাধ্যম, বিশেষত: দ্য ইকোনমিক টাইমস ও দ্য ইন্ডিয়া টুডে, সম্প্রতি এ ধরনের মিথ্যা খবর প্রকাশ করেছে বলে জানিয়েছে আইএসপিআর।
মঙ্গলবার (১১ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর এই তথ্য নিশ্চিত করে জানায়, ভারতীয় গণমাধ্যমগুলোর এই প্রতিবেদনে কিছু ভিত্তিহীন দাবি করা হয়েছে, যা বাংলাদেশের সেনাবাহিনী এবং দেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর প্রচারণা হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের মিথ্যা প্রচারণা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
আইএসপিআর আরো জানায়, বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধানের নেতৃত্বে সাংবিধানিক দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ এবং একে অপরের প্রতি ঐক্যবদ্ধ। সেনাবাহিনীর সকল সদস্যের আনুগত্য বাংলাদেশের জনগণের প্রতি অবিচল এবং তাদের মধ্যে পদমর্যাদার ভিত্তিতে কোনো অনৈক্য বা আনুগত্যহীনতার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
বিশেষ করে দ্য ইকোনমিক টাইমসের প্রতি উদ্বেগ প্রকাশ করে আইএসপিআর জানায়, একই ধরনের মিথ্যা প্রতিবেদন তারা গত ২৬ জানুয়ারি প্রকাশ করেছিল, যা নিয়ে প্রশ্ন উঠেছে ওই সংবাদমাধ্যমের উদ্দেশ্য এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে।
আইএসপিআর এসব গণমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতার নীতি মেনে চলার আহ্বান জানিয়ে বলেছে, ‘ভুল তথ্য’ প্রচারের মাধ্যমে তারা দেশের সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। আবার তারা ভারতের সংবাদমাধ্যমগুলোকে সতর্ক করে দিয়ে আহ্বান জানিয়েছে, সাংবাদিকতার নিয়ম মেনে চলতে এবং কোনো খবর প্রকাশের আগে আইএসপিআরের কাছ থেকে নিশ্চিত তথ্য নিয়ে সংবাদটি প্রচার করতে।
এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় অবিচল থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। আইএসপিআর গণমাধ্যমকে মিথ্যা তথ্য প্রচারের বিরুদ্ধে সতর্ক করে দায়িত্বশীলতার সাথে কাজ করার অনুরোধ জানিয়েছে।

